সমালোচনা করার জন্যই সম্প্রচার নীতিমালার বিরোধিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, ‘সম্প্রচার নীতিমালায় কারও হাত-পা বাঁধা নেই। এটা তো আইন নয়, নীতিমালা মাত্র। অবশ্যপালনীয় নয়। সমালোচনা করার জন্যই এর বিরোধিতা করা হচ্ছে।’

গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলনকক্ষে ইনফরমেশন টেকনোলজি প্রফেশনাল এক্সামিনেশন কাউন্সিলের (আইটিপিইসি) সদস্যপদ পাওয়া উপলক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। তিনি এ সময় টেলিভিশনগুলো যেসব শর্তে টেলিভিশন লাইসেন্স নিয়েছে, সেসব শর্তই সম্প্রচার নীতিমালায় রয়েছে মন্তব্য করে বলেন, ‘ওরা কী কী শর্তে লাইসেন্স নিয়েছে দেখুন। যে কাবিননামায় সই করে লাইসেন্স নিয়েছেন, সেটা পড়ে দেখুন।’

নীতিমালায় গণমাধ্যমের হাত-পা বেঁধে রাখা হয়েছে—সম্পাদক পরিষদের সভার এমন অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘হাত-পা বাঁধা নয়, আপনারা হাত-পা বাঁধা দেখলেন কোথায়? আইস্যা বলুন তো। ওনারা বলুন কোথায় হাত-পা বাঁধা রয়েছে, আমরা খুলে দেব। ওনারা নিজেরা নিজেরা বসছেন কেন? সরকারের সঙ্গে বসুন না। হাত-পা ছেড়ে দিলেই যদি ওনারা শক্তিশালী হয়ে যান...এটা তো হাত-পায়ের বিষয় নয়। এটা মস্তিষ্ক, মননের, ভাবজগতের বিষয়।’

অনেকে না জেনে সম্প্রচার নীতিমালার সমালোচনা করছেন মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘এ নীতিমালা আপনারা মানতেও পারেন, না-ও পারেন। নিয়ম না মানলে কোনো শাস্তির ব্যবস্থা নাই, আইন না মানলে শাস্তির ব্যবস্থা আছে।’

সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন করে মন্ত্রী বলেন, ‘সম্প্রচারে কিসের স্বাধীনতা চান? মালিকের? লুটেরার? নাকি যারা সাংবাদিকতা করছে তার বিবেক ও চেতনা অনুযায়ী লিখতে পারার স্বাধীনতা?’

আইটিপিইসির সদস্য হচ্ছে বাংলাদেশ

কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতের অন্যান্য বিষয়ে ডিগ্রি নেওয়া শিক্ষার্থী ও পেশাজীবীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ গ্রহণের সুযোগ পাবেন। এ সনদের মাধ্যমে কম্পিউটার প্রকৌশলীদের জাপানসহ এশিয়ার ১২টি দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। আজ সোমবার এ বিষয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে চুক্তি সই হবে। গতকাল রোববার রাজধানীর ওই সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।