সম্পদ-দেনা বেড়েছে আরিফুল হকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বদরউদ্দিন আহমদ সিলেটে আ.লীগ প্রার্থী ও আরিফুল হক  সিলেটে বিএনপি প্রার্থী
বদরউদ্দিন আহমদ সিলেটে আ.লীগ প্রার্থী ও আরিফুল হক সিলেটে বিএনপি প্রার্থী

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের সম্পদ গত পাঁচ বছরে সামান্য কমেছে। তবে তাঁর স্ত্রী আসমা কামরানের সম্পদ বেড়েছে প্রায় দ্বিগুণ। আর সদ্য বিদায়ী মেয়র বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সম্পদ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ব্যাংক দেনাও।

মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা থেকে ২০১৩ সালের নির্বাচনে দাখিল করা হলফনামা তুলনা করে এ তথ্য পাওয়া গেছে। প্রার্থীদের সর্বশেষ হলফনামা গত শুক্রবার প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।

বদরউদ্দিন কামরান সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও দলের কেন্দ্রীয় সদস্য। তাঁর স্ত্রী আসমা কামরান নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির মেয়র পদপ্রার্থী আরিফুল হক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। ২০১৩ সালে কামরানকে পরাজিত করে মেয়র হন তিনি।

কামরানের হলফনামার তথ্যে বলা হয়েছে, তাঁর স্থাবর-অস্থাবর সম্পদের মূল্য ২ কোটি ২৪ লাখ ৭৩১ টাকা। এর মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ ১ কোটি ৫৫ লাখ ৪২ হাজার। নগদ ৪ লাখ ৫৩ হাজার ৫৫২ টাকা এবং প্রায় ৭ লাখ টাকা মূল্যের অলংকার, ইলেকট্রনিকসামগ্রী ও আসবাব রয়েছে। তবে সোনালী ব্যাংকে তাঁর ৬৮ লাখ ৮০ হাজার ২৮২ টাকার দেনা রয়েছে। ২০১৩ সালের হলফনামায় কামরান ৫ কোটি ১৬ লাখ ১২ হাজার ৬১২ টাকা থাকার কথা উল্লেখ করেছিলেন।

হলফনামা অনুযায়ী কামরানের পেশা ‘বালু, পাথর সরবহরাকারী ও কমিশন এজেন্ট’। এই খাত থেকে তিনি বছরে ৩ লাখ ৮০ হাজার টাকা আয় করেন। এ ছাড়া শেয়ার, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত থেকে বার্ষিক আয় ২০ লাখ ১১ হাজার ৪০৩ টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী, আসমা কামরানের ৩ কোটি ৪৫ লাখ ১ হাজার ৩৯০ টাকা মূল্যের দালান, আবাসিক ও বাণিজ্যিক ভবন রয়েছে। আর অকৃষিজমি রয়েছে ২ কোটি ৩০ লাখ ১৩ হাজার ৫৩১ টাকার। অস্থাবর সম্পদের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ২ কোটি ৫ লাখ ৯৪ হাজার ২০০ টাকা। আরও আছে সাড়ে ৬ লাখ টাকা মূল্যের একটি জিপগাড়ি এবং প্রায় ১৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের অলংকার, বন্ড, ঋণপত্র ও শেয়ার, আসবাব, ইলেকট্রনিকসামগ্রী রয়েছে। কামরানের ২০১৩ সালের হলফনামায় তাঁর স্ত্রীর সম্পদ এর অর্ধেক উল্লেখ ছিল।

নিজের সম্পদ কমলেও স্ত্রীর সম্পদ কীভাবে বাড়ল? এ প্রশ্নে বদরউদ্দিন কামরান প্রথম আলোকে বলেন, ‌‘আমাদের যৌথ ব্যবসা। আর স্ত্রীর নামে আলাদা করে কিছু সম্পত্তি আছে।’ হলফনামায় আইনগত কারণে সম্পদ বেশি দেখানো হয়েছে, বাস্তবে সম্পদ কম উল্লেখ করে কামরান বলেন, ‘এটা আসলে গত বছরের আয়কর রিটার্ন দাখিলের সঙ্গে সামঞ্জস্য রেখে করা। তাই সম্পদ বেশি দেখাচ্ছে। বাস্তবে আমি বা আমার স্ত্রী সম্পদশালী নই।’

বিএনপির প্রার্থীর সম্পদ বেড়েছে

আরিফুল হক চৌধুরীর অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৮৩২ টাকা। এর মধ্যে নগদ ১৯ লাখ ১৮ হাজার ৯৬৭ টাকা, ১১ লাখ ২৫ হাজার ৭৭ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৭৯ লাখ ৩৬ হাজার ৯১৩ দশমিক ৩৪ টাকা, ৬৫ লাখ ৩৬ হাজার ৬০০ টাকার শেয়ার, ১৩ লাখ ১৫ হাজার ২৭৫ টাকার প্রাইজবন্ড, ৩ লাখ ৮৬ হাজার টাকা সমমূল্যের গাড়ি, দেড় লাখ টাকার ইলেকট্রনিকসামগ্রী, ১ লাখ টাকার আসবাব ও ৩০ হাজার টাকার স্বর্ণালংকার রয়েছে।

হলফনামায় আরিফুল হক চৌধুরী ৮ দশমিক ৫৩ একর কৃষিজমি, ৫ দশমিক ৫৩ একর অকৃষিজমি, সেমিপাকা ৩টি ও ২টি দালানের কথা উল্লেখ করলেও তাঁর মূল্য উল্লেখ করা হয়নি। তবে তিনি পূবালী ব্যাংকে ৭৭ লাখ ৮২ হাজার ২৫০ টাকা ও সিটি ব্যাংকে ১৫ লাখ ৯৮ হাজার ৫৩ টাকা দেনা থাকার কথা উল্লেখ করেছেন।

২০১৩ সালের হলফনামায় তাঁর স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করেছিলেন প্রায় ৩ কোটি টাকা।

হলফনামায় আরিফ পেশায় ‘সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন ও ডেইরি ফার্ম ব্যবসায়ী’ উল্লেখ করেছেন। তাঁর বার্ষিক আয় ৭ লাখ ৫৮ হাজার ১২০ টাকা। আরিফুল হকের স্ত্রী শ্যামা হক চৌধুরীর আয় ৬ লাখ ৬৮ হাজার ৩০০ টাকা। এ ছাড়া তাঁর মেয়ের মালিকানাধীন বাসা থেকে ভাড়া ১ লাখ ৮ হাজার ও নির্ভরশীলদের কৃষি খাত থেকে ৩০ হাজার টাকা পান। অস্থাবর সম্পদের পরিমাণ ৬ লাখ ৬৮ হাজার ৩০০ টাকা। এর মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১৩ লাখ ১৫ হাজার টাকা, স্থায়ী আমানতে বিনিয়োগ ২ লাখ ১১ লাখ ৩০ হাজার টাকার একটি পিকআপ গাড়ি, ১ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকার আসবাব, ১ লাখ ১২ হাজার টাকার স্বর্ণালংকার, ৪৫ হাজার টাকার ইলেকট্রনিকসামগ্রী রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে দশমিক শূন্য ৮ একর অকৃষিজমি ও একটি সেমিপাকা দালানের কথা উল্লেখ করলেও তাঁর মূল্য উল্লেখ করা হয়নি।

আরিফুল হকের মায়ের নামে একটি ফ্ল্যাট ও দশমিক শূন্য ৩ একর অকৃষিজমি আছে। ২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে আরিফ সাতটি ফৌজদারি মামলার আসামি হন। আদালতের আদেশে সব কটিতেই বর্তমানে জামিনে আছেন বা আদালতের আদেশের কারণে মামলা স্থগিত আছে বলে হলফনামায় উল্লেখ রয়েছে। কামরান ২০০৭ ও ২০০৮ সালে দায়ের হওয়া চারটি মামলা থেকে আদালতের আদেশে অব্যাহতি পেয়েছেন বলে উল্লেখ করেছেন।

সম্পদ ও দেনা দুটিই বেড়ে যাওয়া প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকঋণ নিয়ে ব্যবসা প্রসার হওয়ায় সম্পদ বেড়েছে উল্লেখ করা হলেও আসলে কমেছে। আমি মেয়র থাকাকালে ২৯ মাস জেলে ছিলাম। ওই সময় আমাদের আয়ের একমাত্র উৎস গবাদিপশুর খামার পরিচালনায় ব্যাংকঋণ নেওয়া হয়েছিল। এই হিসাবে সম্পদ কিছুটা বেড়েছে। সেই সঙ্গে দেনাও বেড়েছে। ব্যাংকঋণ বিবেচনায় আমার সম্পদ আসলে বাড়েনি, উল্টো কমেছে।’

হলফনামার শিক্ষাগত যোগ্যতার তথ্যে বদরউদ্দিন আহমদ কামরান ‘উচ্চমাধ্যমিক’ এবং আরিফুল হকের ‘স্বশিক্ষিত’ উল্লেখ রয়েছে। ২০১৩
সালের হলফনামায়ও দুজনের শিক্ষাগত যোগ্যতার এমন তথ্য ছিল।