টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলমকে দল থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার দলটির একাংশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ শেষে তারা কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি আহমেদ আযম খানের কুশপুত্তলিকায় আগুন দেয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক এম এ রউফের ২৩ জুলাই সই করা চিঠিতে শেখ জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দেওয়া হয়। গত বৃহস্পতিবার এ অব্যাহতিপত্র সখীপুরে আসে। তবে এ পত্রে অব্যাহতির কারণ উল্লেখ করা হয়নি।
ওই অব্যাহতির ঘটনার প্রতিবাদে গতকাল বিকেল চারটার দিকে সখীপুর পৌর শহরের মুখতার ফোয়ারা চত্বরে মিছিল বের করে বিএনপির একাংশ। এরপর সেখানে সমাবেশের আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপির এক পক্ষের সভাপতি শরীফ পাপ্পু সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবীব, একাংশের সাধারণ সম্পাদক ফকির আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাছেদ শিকদার, অব্যাহতি পাওয়া শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ।
সমাবেশে শেখ জাহাঙ্গীর আলম বলেন, ‘কেন্দ্রীয় নেতা আহমেদ আযম খান ষড়যন্ত্র করে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের দিয়ে আমার বিরুদ্ধে অব্যাহতির চিঠি দিয়েছেন। একই কায়দায় এর আগে আমার চাচাসহ আরও তিন নেতার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়।’
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিয়াউল হক বলেন, ‘জাহাঙ্গীর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন কি না, আমার জানা নেই। তবে ওপরের নির্দেশ পেয়ে তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
এর আগে কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলামের ১৩ জুলাই সই করা চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য কাজী শহীদুল ইসলাম মুন্সী, সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি শেখ মোহাম্মদ হাবীব ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাছেদ শিকদারের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়। এর প্রতিবাদে ১৫ জুলাই আহমেদ আযমকে সখীপুর ও বাসাইল উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন একাংশের নেতারা। শেখ মোহাম্মদ জাহাঙ্গীর সম্পর্কে শেখ মোহাম্মদ হাবীবের ভাতিজা।
শেখ মোহাম্মদ হাবীব প্রতিবাদ সভায় বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি আহমেদ আযম খান টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে তিনবার দলীয় মনোনয়ন পেয়ে ফেল করেছেন। কিছুদিন আগে আমি এ আসনে বিএনপির দলীয় মনোনয়নের জন্য প্রার্থিতা ঘোষণা দিই। এ কারণে তিনি ঈর্ষান্বিত হয়ে কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে আমার সদস্যপদ স্থগিত ও আমার ভাতিজাকে অব্যাহতি দিয়েছেন।’
জানতে চাইলে কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি আহমেদ আযম খান গতকাল শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শেখ জাহাঙ্গীর আলম বর্তমানে আওয়ামী রাজনীতির সঙ্গে গোপনে থেকে বিএনপির ক্ষতি করছেন। এ কারণেই তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।