প্রায় চার বছর পর বরিশাল মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্র। কমিটিতে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হওয়া সাধারণ সম্পাদক আফজালুল করীমকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই পদ দেওয়া হয়েছে কাউন্সিলরদের ভোটে হেরে যাওয়া এ কে এম জাহাঙ্গীর হোসেনকে। সভাপতি হয়েছেন সাবেক শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল।
গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন হয়েছে। তৃণমূল থেকে দেওয়া কমিটিই অনুমোদন দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদকের স্বাক্ষর শেষে অনুমোদিত কমিটির তালিকা প্রকাশ করা হবে। রাজনৈতিক নানা কারণে কমিটি অনুমোদন পেতে দেরি হয়েছে।
মহানগর কমিটির সভাপতি গোলাম আব্বাস চৌধুরী বলেন, তাঁকে সভাপতি করে বরিশাল মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্যের কমিটির অনুমোদন হয়েছে। নির্বাচিত সভাপতি নিয়ে প্রশ্ন না থাকলেও সাধারণ সম্পাদককে সরিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নেতা-কর্মীরা।
নেতা-কর্মীরা জানান, সর্বশেষ ২০১২ সালের ২৬ ডিসেম্বর বরিশাল মহানগর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে মহানগরের সভাপতি নির্বাচিত হন প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণ। সাধারণ সম্পাদক হন আফজালুল করীম। কাউন্সিল থেকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রে পাঠানোর জন্য দায়িত্ব দেওয়া হয় সভাপতি ও সাধারণ সম্পাদককে। ২০১৩ সালের শেষের দিকে একটি কমিটি করা হয়। কেন্দ্রে তা অনুমোদনের জন্য পাঠানো হয়। কিন্তু ২০১৪ সালে সভাপতি শওকত হোসেন মারা যাওয়ায় বিপত্তি ঘটে। পরে আর পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। ফলে ওই কমিটিতে সাধারণ সম্পাদক আফজালুল করীম একাই দায়িত্ব পালন করে আসছেন। প্রায় চার বছর পর হঠাৎ নির্বাচিত সাধারণ সম্পাদককে সরিয়ে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ প্রথম আলোকে বলেন, ‘আফজালুল করীম কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়েছিলেন ঠিকই, তবে মহানগর কমিটিতে তাঁকে সহসভাপতি করা হয়েছে। দলের সভানেত্রী কমিটির অনুমোদন দিয়েছেন। এতেই আমরা খুশি।’
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় এক নেতা বলেন, বরিশালে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের কাউন্সিলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন। ওই কাউন্সিলে কাউন্সিলরদের গোপন ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত সাধারণ সম্পাদককে সরিয়ে দেওয়ার মতো ঘটনা আওয়ামী লীগের ইতিহাসে আর ঘটেনি। মূলত জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর হস্তক্ষেপে এমনটা হয়েছে। এ ব্যাপারে কেউ কথা বলতেও সাহস করে না।
দীর্ঘদিন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা আফজালুল করীম প্রথম আলোকে বলেন, ২০১২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত কাউন্সিলে তিনি ২১৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আর এ কে এম জাহাঙ্গীর পান ৭০ ভোট। সম্মেলনে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। সেই থেকে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। গতকাল কেন্দ্র যে কমিটি অনুমোদন দিয়েছে সেখানে তাঁকে রাখা হয়েছে সহসভাপতি হিসেবে। এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে চান না।