সম্পাদকের অপসারণ চাইলেন সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমিরের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আবদুল হান্নান। সংবাদ সম্মেলনে তিনি তাঁর অপসারণ দাবি করেন।

গতকাল রোববার দুপুরে লোহাগড়া পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল করিম, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক খান এ কাইয়ুম, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শিকদার নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোজাম খান, জেলা পরিষদের সদস্য শেখ সাজ্জাদ হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মো. লতিফুর রহমান, মারিয়া হোসেন প্রমুখ।

এর আগে গত শুক্রবার দুপুরে শিকদার আবদুল হান্নানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ কমিটি গঠনে গড়িমসি, নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলাসহ নানা হয়রানির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন সৈয়দ ফয়জুল আমির।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি কাউন্সিলরদের ভোটের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই দুজনের দ্বন্দ্বে গত আড়াই বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি।

গতকালের সংবাদ সম্মেলনে শিকদার আবদুল হান্নান লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ফয়জুল আমির দেশের শীর্ষ সন্ত্রাসী বিকাশ-প্রকাশের ঘনিষ্ঠ সহচর ছিলেন। বর্তমানে তাঁর সঙ্গে বিএনপি নেতা সালেহা বেগম, এস এম হায়াতুজ্জামান, সাহেব আলীসহ বিএনপি-জামায়াতের নেতাদের সঙ্গে বেশ সখ্য।

শিকদার আবদুল হান্নান আরও বলেন, ২০১৫-১৬ অর্থবছরের সরকারি বরাদ্দ আত্মসাতের দায়ে তাঁর নামে দুদকে দুটি মামলা হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরেও টিআর, জিআর ও কাবিটা প্রকল্পের অর্ধকোটি টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া লোহাগড়া বাজারের গোহাটের জায়গা, পোদ্দারপাড়ার মনু ফকিরের জায়গা, আশ্রয়ণ প্রকল্পের জায়গাসহ বেশ কিছু জায়গার ভুয়া কাগজপত্র তৈরি করে দখলের পাঁয়তারা করছেন। শিকদার আবদুল হান্নান বলেন, উপজেলা নির্বাচনের সময় তাঁর হলফনামায় ২৭ লাখ টাকার সম্পত্তি দেখিয়েছিলেন। বর্তমানে তিনি অর্ধশত কোটি টাকার সম্পত্তির মালিক।        

এসব অভিযোগ প্রসঙ্গে সৈয়দ ফয়জুল আমির মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিএনপি-জামায়াতের সঙ্গে সখ্যর অভিযোগ মিথ্যা ও বানোয়াট। মূলত রাজনীতিতে এগিয়ে যাওয়ার কারণে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে হেয়প্রতিপন্ন করতে এসব অপপ্রচার চালানো হচ্ছে।’