সম্পাদকের বিরুদ্ধে পকেট কমিটি গঠনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাজ্জেল হোসেন মৃধার বিরুদ্ধে পকেট কমিটি গঠনের অভিযোগ করেছে উপজেলা বিএনপির একাংশ। গত শনিবার চরভদ্রাসন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে মোতাজ্জেল হোসেন মৃধা বলেন, জেলা বিএনপির নেতাদের কাছ থেকে দায়িত্ব পেয়েই তিনি ওয়ার্ড পর্যায়ের কমিটি করেছেন। এরপর ইউনিয়ন পর্যায়ে কমিটি করা হবে, সর্বশেষ করা হবে উপজেলা কমিটি। দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের দিয়েই কমিটি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। প্রতিবাদী একাংশের ব্যাপারে তিনি বলেন, ‘সরকারের সহযোগী ও বহিষ্কৃত ব্যক্তিদের নিয়ে কমিটি করতে পারি না।’
প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ জি এম বাদল আমিন বলেন, ২০০৫ সালের পর থেকে এ উপজেলায় পকেট কমিটি দিয়ে চালানো হচ্ছে। এ কারণে এখানে বিএনপির কোনো সাংগঠনিক ঐক্য নেই। এ জন্য গত দুটি জাতীয় সংসদ নির্বাচনে উপজেলায় বিএনপির ভরাডুবি হয়েছে। সম্প্রতি আবারও একই কায়দায় উপজেলা বিএনপির নামে আরেকটি পকেট কমিটি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
উপজেলা যুবদল সভাপতি ও চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে এম ওবায়দুল বারী অভিযোগ করেন, উপজেলা বিএনপি কমিটিতে গোপনে প্রধান প্রধান পদে যেসব ব্যক্তিকে রাখা হচ্ছে বলে শোনা যাচ্ছে, যাঁরা বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার যোগ্যতাও রাখেন না।
সাবেক বিএনপি নেতা ও সদর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, ‘উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাজ্জেল হোসেন মৃধা গোপনে পকেট কমিটি গঠন করবেন, তা মেনে নেওয়া যায় না। সম্মেলন ছাড়া উপজেলা বিএনপির কোনো কমিটি আমরা বরদাশত করব না।’