সম্পৃক্ততা প্রকাশের ভয়ে জঙ্গিদের মারা হচ্ছে: নজরুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করা হলে এমন লোকজনের সম্পৃক্ততা বেরিয়ে আসতে পারে, যা সরকারের জন্য বিব্রতকর হবে; এ কারণে জঙ্গিদের মেরে ফেলা হচ্ছে।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় নজরুল ইসলাম এ অভিযোগ করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে দেশনেত্রী ফোরাম নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।
নজরুল ইসলাম খান বলেন, সন্দেহভাজন যেসব জঙ্গির খোঁজ পাওয়া যাচ্ছে, তাদেরই মেরে ফেলা হচ্ছে। তারা আত্মহত্যা করছে কি না—সেটিও পরিষ্কার নয়। তাদের মেরে ফেলা হলে জঙ্গিবাদের মূলে যাওয়ার সূত্র পাওয়া যাবে না। তিনি বলেন, মানুষ সন্দেহ করছে জঙ্গিদের মেরে ফেলার কারণ—তাদের জিজ্ঞাসাবাদ করা হলে হয়তো এমন লোকজনের সম্পৃক্ততা বেরিয়ে আসবে, যা সরকারের জন্য বিব্রতকর হতে পারে। ইতিমধ্যে আওয়ামী পরিবারের লোকজনের নাম এসেছে।
বিএনপির এই নেতা সমূলে জঙ্গিবাদ উৎখাত করার আহ্বান জানান। তিনি দাবি করেন, আওয়ামী লীগের আমলে জঙ্গিবাদের উত্থান হয়। বিএনপি জঙ্গিবাদ দমনে সফল ছিল।
অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।