সম্পৃক্ততা বজায় রাখতে জাতিসংঘকে উৎসাহিত করে যাবে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতা বন্ধে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা বজায় রাখতে জাতিসংঘকে উৎসাহিত করে যাবে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী ব্যারোনেস জয়েস অ্যানলে গত সোমবার এ কথা বলেছেন। সহিংসতা ও মতপার্থক্য দূর করতে বিবদমান পক্ষগুলোকে সংযত এবং সহনশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে লর্ডসভার দুই সদস্যের লিখিত প্রশ্নের জবাব দেন ব্যারোনেস অ্যানলে। এ সময় তিনি বলেন, বাংলাদেশে সহিংসতা বন্ধ করতে ও দেশব্যাপী উত্তেজনা নিরসনে দলগুলোকে নিজেদের মধ্যে আস্থা তৈরি করতে হবে। এ জন্য দলগুলোর সাধ্য অনুযায়ী সবকিছু করা গুরুত্বপূর্ণ।
একটি প্রশ্নে পার্লামেন্টারিয়ান হিউম্যান রাইটস গ্রুপের ভাইস চেয়ার লর্ড অ্যাভবেরি ব্রিটিশ সরকারের কাছে জানতে চান, বাংলাদেশে চলমান সহিংসতা বন্ধে এবং বিবদমান দলগুলোর মধ্যে মতপার্থক্য দূর করতে জাতিসংঘের মাধ্যমে একজন গ্রহণযোগ্য মধ্যস্থতাকারী নিয়োগ দেওয়ার লক্ষ্যে ব্রিটিশ সরকার জাতিসংঘ মহাসচিবকে উদ্যোগ গ্রহণের অনুরোধ জানাবে কি না। এই প্রশ্নের জবাবে জাতিসংঘকে উৎসাহিত করে যাওয়ার কথা জানান ব্যারোনেস অ্যানলে।
লর্ড এলটন অব লিভারপুল প্রশ্ন করেন, ১৯৪৮ সালের জাতিসংঘ মানবাধিকার ঘোষণা অনুযায়ী বাংলাদেশ সরকারের বাধ্যবাধকতা বিষয়ে ব্রিটিশ সরকার বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা করেছে কি না। বিশেষত, ঢাকায় আততায়ীর হাতে অভিজিৎ রায়ের খুনের ঘটনার পর।
এ প্রশ্নের জবাবে ব্যারোনেস অ্যানলে বলেন, ‘মানবাধিকারের বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে থাকি। যখন মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য অভিযোগ পাচ্ছি, তখনই আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের উদ্বেগ তুলে ধরছি।’