সম্প্রচার নীতিমালা নিয়ে সুরঞ্জিতের ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রচার নীতিমালা ফলপ্রসূ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘সম্প্রচার নীতিমালা নিয়ে আমার ভয় হয়। এটা খুব ভালো কাজ। কিন্তু সংঘাতপূর্ণ রাজনীতিতে এটা কতটুকু ফলপ্রসূ হবে, সেটা নিয়ে আরও ভাবতে হবে।’
আজ সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনাসভায় এ শঙ্কা প্রকাশ করেন সুরঞ্জিত। শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ওই আলোচনাসভার আয়োজন করা হয়।
সম্প্রচার নীতিমালা প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘এটা নিয়ে দলমত-নির্বিশেষে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। সরকারকে বলব, লেখা হয়ে গেছে—এটাই তো শেষ কথা নয়। সংযোজন-বিয়োজনের সুযোগ আছে। এজন্য সকলের সহযোগিতা দরকার। কমিশন হলে এটা অধিকতর গণতান্ত্রিক হবে।’
সাংবাদিকদের নিয়ে কটূক্তি করে সমালোচিত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে পরামর্শ দিয়ে সুনামগঞ্জ থেকে নির্বাচিত সাংসদ সুরঞ্জিত বলেন, ‘মন্ত্রী হলে সংযমী হতে হবে। চট করে উত্তেজিত হলে চলবে না। আগের দিন গালমন্দ করে পরের দিন ক্ষমা চাইলে হবে না। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এটাকে বাদ দিয়ে গণতন্ত্র হয় না।’
সবাইকে গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘নিজ মন্ত্রণালয়ে মনোযোগ দিতে হবে। নিজেরটা বাদ দিয়ে পরেরটা নিয়ে ব্যস্ত থাকলে চলবে না।’
বিএনপির উদ্দেশে সুরঞ্জিত বলেন, ‘রাজনীতিতে সহনশীল, পরিশীলিত ও পরিমার্জিত আচরণ করতে হবে। আপনারা শান্তিপূর্ণ ও ন্যায্য আন্দোলন করেন। আপনাদের আন্দোলন দায়িত্বশীল ও গণতান্ত্রিক হলে আমরা সহনশীল হব। তবে আইনশৃঙ্খলার সঙ্গে জড়িত কিছু হলে, সেটা আপনাদের ও তাদের ব্যাপার।’
দলীয় নেতাদের উদ্দেশে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নিজেদের আন্দোলন নিয়ে গর্বিত হবেন, আর অন্য দলের আন্দোলন পদদলিত করবেন—এটা আওয়ামী লীগের সংস্কৃতি নয়।
লঞ্চডুবি প্রসঙ্গে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত বলেন, ‘এখন পর্যন্ত এ জাতীয় কোনো মামলার বিচার হয় নাই। এ নিয়ে ভাষণ-বক্তৃতা হয়। পরে আর খবর থাকে না। ৮০ জনের লঞ্চে ২৫০ থেকে ৩০০ জন চড়লে দুর্ঘটনা ঘটবে—সেটা জানতে বিএ-এমএ পাস করতে হয় না। কয়েকবার মন্ত্রীও হতে হয় না। এ বিষয়ে আরও সতর্ক, মনোযোগী ও সাবধানী হতে হবে।’
মালিকের দল বিবেচনা না করে ত্রুটিপূর্ণ লঞ্চ বাতিল করার দাবি জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, একটা কমিশন করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি কার্যকর ঘোষণার প্রয়োজন বলে মনে করেন তিনি।