সম্প্রচার নীতিমালা পরিকল্পনার অংশ: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্প্রচার নীতিমালা বিচ্ছিন্ন কিছু নয়। দেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার সামগ্রিক পরিকল্পনার অংশ।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় ফখরুল এ মন্তব্য করেন। সম্প্রচার নীতিমালার প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ ওই প্রতিবাদ সভার আয়োজন করে।
ফখরুল বলেন, আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করে গণতন্ত্রের পোশাক পরে দেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, টিভির টক শোগুলো আগে থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল, পত্রিকাগুলো কী প্রাধান্য দেবে, তা অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। এখন এই নীতিমালার মাধ্যমে সরকার টিভির ওপরে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।
বিএনপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় গিয়ে আবার আসলরূপে ফিরে আসে। তিনি বলেন, এখন প্রশ্ন বিএনপির ক্ষমতায় যাওয়া নয়। প্রশ্ন হলো, গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব কি না। যে সংগ্রাম চলছে, তার কৌশল নির্ণয় করতে হবে। জনগণই তা ঠিক করবে। সবাইকে এক করে অচলায়তন ভাঙতে হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লা চৌধুরী, সাংবাদিক মাহফুজউল্লাহ প্রমুখ বক্তব্য দেন।