সম্প্রচার নীতিমালা বাতিল চায় বিএনপি

জাতীয় সম্প্রচার নীতিমালাকে ‘সম্প্রচার নিয়ন্ত্রণ ও দলন নীতিমালা’ বলেছে বিএনপি। এই নীতিমালাকে তারা ‘কালা কানুন’ বলে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, সম্প্রচারমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা, জনগণের আন্দোলন-সংগ্রাম, বিরোধী রাজনৈতিক সংগঠনের বক্তব্য ও সংবাদ এবং ক্ষমতাসীনদের অপকর্ম ও ব্যর্থতার সমালোচনা বন্ধ করতেই এই নীতিমালা করা হয়েছে।
আজ মঙ্গলবার গুলশান কার্যালয়ে সম্প্রচার নীতিমালা নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। লিখিত বক্তব্য উপস্থাপন ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
লিখিত বক্তব্যে সারা দেশে বিএনপি, ২০ দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সব গণতান্ত্রিক শক্তিকে নিজ নিজ অবস্থা থেকে সোচ্চার হওয়ার ও প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
বিএনপির অভিযোগ, এই নীতিমালার মাধ্যমে সম্প্রচারমাধ্যমকে ভয় দেখিয়ে সম্পূর্ণভাবে শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন করার অপচেষ্টা করা হয়েছে। বিএনপি এই নীতিমালার নিন্দা জানিয়ে অনতিবিলম্বে বাতিলেরও দাবি জানিয়েছে। দলটি এর বিরুদ্ধে সোচ্চার হতে সবার প্রতি আহ্বান জানিয়েছে।
লিখিত বক্তব্যে মঈন খান বলেন, নীতিমালায় একটি সম্প্রচার কমিশন গঠনের বিধান রাখা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের দ্বারা গঠিত একটি সার্চ কমিটি ওই কমিশন গঠন করবে। এর অর্থ হচ্ছে, কমিশন হবে সরকারের পছন্দের ও আজ্ঞাবহ। এই কমিশন সম্প্রচারমাধ্যমের স্বাধীনতা হরণ ও সরকারের আজ্ঞাবহ প্রচারণা মেশিনারিতে পরিণত করার এক বিপজ্জনক অস্ত্র হিসেবে কাজ করবে। তা ছাড়া কমিশন গঠনের আগ পর্যন্ত তথ্য মন্ত্রণালয় তা নিয়ন্ত্রণ করায় বেসরকারি সম্প্রচারমাধ্যমগুলো সরাসরি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাবে। তিনি বলেন, এই নীতিমালার যথেচ্ছ ব্যবহারের সুযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশ্রেণির সদস্য বিভিন্ন স্থানে খুন-খারাবি, চাঁদাবাজি, অপহরণ, গুমসহ গুরুতর সব অপরাধে জড়িয়ে পড়েছে। এই সময়ে তথাকথিত নীতিমালায় তাদের ভাবমূর্তি বিনষ্ট করে, এমন দৃশ্য প্রদর্শন বা বক্তব্য প্রদান নিষিদ্ধ করে এসব জঘন্য অপরাধকেই উত্সাহিত করা হয়েছে। এতে জনগণের জান-মাল-সম্পদের নিরাপত্তা আরও বিপন্ন হবে এবং জনগণের কাছে বিভিন্ন বাহিনীর জবাবদিহি ও স্বচ্ছতা মোটেও থাকবে না।
মঈন খান বলেন, সম্প্রতি একজন মন্ত্রী প্রকাশ্যেই ঘোষণা করেন, সাংবাদিকতার স্বাধীনতা অচিরেই কেড়ে নেওয়া হবে। তার আলামত হিসেবেই সম্প্রচারমাধ্যম নিয়ন্ত্রণের এই তথাকথিত নীতিমালায় অনুমোদন দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, এই নীতিমালায় বিকল্প মিডিয়া হিসেবে গড়ে ওঠা সোশ্যাল নেটওয়ার্ক ও ইন্টারনেট ওয়েবসাইটগুলো নিয়ন্ত্রণেরও ইঙ্গিত দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।