সম্প্রসারিত এলাকার ভোটাররা জয়-পরাজয়ের নির্ধারক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া প্রথম শ্রেণির পৌরসভা। সম্প্রতি সদর উপজেলার দুটি ইউনিয়ন বিলুপ্ত করে পৌরসভার সঙ্গে একীভূত করা হয়েছে। এতে ভোটার বেড়েছে ৬২ হাজারেরও বেশি। এই ভোটাররা মেয়র প্রার্থীদের জয়-পরাজয়ের চাবিকাঠি বলে মনে করছেন সাধারণ ভোটাররা।
পৌরসভা সূত্রে জানা গেছে, কুষ্টিয়া পৌরসভায় সর্বশেষ নির্বাচন হয় ২০০৪ সালে। এরপর আইনি জটিলতায় ১১ বছর ভোট হয়নি। ইতিমধ্যে সদর উপজেলার মজমপুর ও বারখাদা ইউনিয়ন বিলুপ্ত হয়ে পৌরসভার সঙ্গে একীভূত হয়েছে। এতে আগের ১২টি ওয়ার্ডের সঙ্গে নয়টি ওয়ার্ড বেড়ে দাঁড়িয়েছে ২১টিতে। আগের ১২টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার। এখন মোট ভোটার ১ লাখ ৩২ হাজার ৬০ জন। ভোটার বেড়েছে ৬২ হাজার ৬০ জন।
পৌরসভার সঙ্গে একীভূত মঙ্গলবাড়িয়া, মজমপুর, উদিবাড়ি, বারখাদা, জগতি এলাকার কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন নয়টি ওয়ার্ডের ভোটাররা এবার মেয়র নির্বাচনে বড় ভূমিকা রাখবেন। ওই দুই ইউনিয়ন পৌরসভার সঙ্গে একীভূত হওয়ার পর এখনো কোনো নির্বাচন হয়নি। এলাকার উন্নয়নও তেমন হয়নি। তাই তাঁরা এমন প্রার্থীকে ভোট দেবেন, যাঁরা নির্বাচিত হয়েই সম্প্রসারিত এলাকার দিকে নজর দেবেন। এই সম্প্রসারিত এলাকার ভোটাররাই মেয়র প্রার্থীদের জয়-পরাজয়ের মূল চাবিকাঠি।
এই পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ও দলের জ্যেষ্ঠ নেতা আনোয়ার আলী। বিএনপির মনোনীত প্রার্থী কুতুব উদ্দিন আহমেদ। কিন্তু মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন সদর থানা বিএনপির সহসভাপতি ও বিলুপ্ত মজমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বশিরুল আলম।
বিএনপির সমর্থক কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, বশিরুল আলম দলের প্রভাবশালী নেতা। দীর্ঘদিন তিনি এলাকার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মজমপুর ও বারখাদা এলাকায় তাঁর প্রভাব রয়েছে। কুতুব উদ্দিন বলেন, ‘প্রার্থীর পাশাপাশি প্রতীক দেখেও ভোট দেবেন ভোটাররা। এ ক্ষেত্রে দলের অন্য কেউ প্রার্থী থাকলেও অসুবিধা হবে না। দলীয় নেতা-কর্মীরা আমার পক্ষে কাজ করছেন।’ বশিরুল আলম বলেন, ‘আমি সম্প্রসারিত এলাকার বাসিন্দা। দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম। এলাকার মানুষ আমাকে ভালোবাসেন। চেয়ারম্যান থাকার সময় এলাকার ব্যাপক উন্নয়ন করেছি।’ তবে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির দুজন নেতা বলেন, সম্প্রসারিত এলাকায় বিএনপির ‘ভোটব্যাংক’ রয়েছে। তবে শেষ পর্যন্ত দুই প্রার্থী মাঠে থাকলে জয় ঘরে তোলা বিএনপির জন্য কঠিন হয়ে দাঁড়াবে।
আনোয়ার আলী বলেন, নির্বাচিত হলে সম্প্রসারিত এলাকার উন্নয়নে বিশেষ নজর দিয়ে প্রকল্প নেওয়া হবে।