সম্ভবত তারেকের নির্দেশের পর হামলা: হাছান

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, সম্ভবত তারেক রহমান নির্দেশ দেওয়ার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা, ভাঙচুর চালানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভাষাসৈনিক মহিউদ্দিন আহমেদের ২১তম মৃত্যুবার্ষিকী ও মোহাম্মদ আবদুল হকের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন। জাতীয় গণতান্ত্রিক লীগ এই স্মরণসভার আয়োজন করে।
সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুনের সঙ্গে কথা বলেছেন। তিনি কীভাবে এ আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা যায়, কীভাবে এই আন্দোলনে একটু বাতাস দেওয়া যায়—সেই নির্দেশনা দিচ্ছেন। তিনি বলেন, ‘তাই আমি মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে কারা হামলা চালিয়েছে, এই মামুন সাহেবদের গ্রেপ্তার করা হলে সেই তথ্য বেরিয়ে আসবে। সম্ভবত তারেক রহমান নির্দেশ দেওয়ার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে হামলা, ভাঙচুর চালানো হয়েছে।’
হাছান মাহমুদ বলেন, আন্দোলনকারীরা বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি নিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে আন্দোলন করেছেন। সেখানে বিএনপি তাদের পেট্রলবোমা বাহিনী, সন্ত্রাসী বাহিনীকে ঢুকিয়েছিল এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছিল। প্রধানমন্ত্রীর ঘোষণায় তাদের সেই প্রচেষ্টা ভেস্তে গেছে।
হাছান মাহমুদ আরও বলেন, মওদুদ আহমদসহ বিএনপি নেতারা কোটা আন্দোলনকে পুঁজি করে দেশে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিলেন। তাঁরা দেশের মাটি উত্তপ্ত করার চেষ্টা করেছিলেন। তাঁদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। অর্থাৎ তাঁদের রাজনৈতিক পরাজয় হয়েছে। তিনি বলেন, কোটা সংস্কার সব সময় হয়ে এসেছে। কোটা সংস্কার ভবিষ্যতেও হবে। প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন এবং সেই সঙ্গে প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন। তিনি অত্যন্ত সুচিন্তিতভাবে ঘোষণা দিয়েছেন। এ কারণে তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, বিএনপি একটি পরগাছা দল। তারা বিভিন্ন সময় অন্যদের আন্দোলনে আশ্রয় নিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করেছে। তেল, গ্যাস রক্ষা কমিটির আন্দোলনে শরিক হয়েও তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চেয়েছিল। তাদের সে চেষ্টাও ব্যর্থ হয়েছিল। তারা নিজেরাও বহু আন্দোলন করার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে।
এ সময় হাছান মাহমুদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
আয়োজক সংগঠনের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, রেহানা আশিকুর রহমান, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকি প্রমুখ স্মরণসভায় উপস্থিত ছিলেন।