ধর্মভিত্তিক ছোট কয়েকটি দল ও সংগঠনের মোর্চা সম্মিলিত ইসলামী দলসমূহ আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। পবিত্র হজ ও মহানবী (সা.) এবং তাবলিগ জামাতকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের সাহায্যে গ্রেপ্তারের দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।
এই হরতালের প্রতি নৈতিক সমর্থন দিয়েছে দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল শনিবার দলটির নায়েবে আমির মুজিবুর রহমান এক বিবৃতিতে এই সমর্থনের কথা জানান।
হরতালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তার জন্য গতকাল সন্ধ্যায় রাজধানীতে আধা সামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের নামানো হয়েছে।
এদিকে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়ার ধার্য তারিখ থাকায় ধর্মভিত্তিক এ মোর্চাকে দিয়ে আজ হরতাল ডাকানো হয়েছে। হরতালের সময় ‘নিরাপত্তাজনিত’ কারণ দেখিয়ে এর আগেও খালেদা জিয়া আদালতে হাজির হননি। অবশ্য বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ নাকচ করা হয়েছে।
গত বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই হরতাল কর্মসূচির ঘোষণা করে সম্মিলিত ইসলামী দলসমূহ। হরতালে আদৌ এ সংগঠনগুলো মাঠে থাকবে কি না, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বরাবরের মতো আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ঢাকায় হরতালবিরোধী মিছিল করবে ও বিভিন্ন স্থানে অবস্থান নেবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
ঢাকা সড়ক পরিবহন সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, হরতালে ঢাকা শহর ও এর আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওই বক্তব্যের পর লতিফ সিদ্দিকী মন্ত্রিত্ব হারিয়েছেন। দল থেকেও বহিষ্কৃত হয়েছেন। তিনি আর দেশে ফেরেননি। লতিফ সিদ্দিকী বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে মামলা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।