সম্মেলন ঘিরে কুমিল্লা আ.লীগে প্রাণচাঞ্চল্য
আওয়ামী লীগের সম্মেলন ঘিরে কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলার নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। গত শুক্রবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কর্মিসভা ডাকা হয়েছে।
২০০৬ সালের ১২ মে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৫৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়। আর ১৯৯৭ সালে গঠিত হয় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ৬৭ সদস্যের কমিটি। দক্ষিণে এক দশক পর এবং উত্তরে ১৯ বছর পর সম্মেলন হচ্ছে।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অন্তত তিনজন সদস্য জানান, ৬ ফেব্রুয়ারি দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের গ্রামের বাড়ি সদর দক্ষিণ উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামে ওই কর্মিসভা হবে। সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সভায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে আলোচনা হবে। এ ব্যাপারে আ হ ম মুস্তফা কামালের মুঠোফোনে গতকাল শনিবার বিকেলে কল দিলে তিনি ধরেননি। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার বলেন, কর্মিসভা ডাকা হয়েছে। সেখানে কমিটি গঠন নিয়ে আলোচনা হবে।
শুক্রবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা চান্দিনা মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। সভায় কুমিল্লা-৭ আসনের সাংসদ ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আলী আশরাফকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ইউসুফ জামিল ওরফে বাবু বলেন, সম্মেলন ঘিরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। কাঁরা সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পাচ্ছেন তা নিয়ে চলছে নানা জল্পনা।