জাতীয় পার্টির (জাপা) আসন্ন কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে এরশাদ ও রওশনপন্থী হিসেবে পরিচিত দলের দুটি পক্ষ আবার তৎপর হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে আজ রোববার জাতীয় সংসদ ভবনে বৈঠকে বসছেন রওশনপন্থী সাংসদেরা।
সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা বলেন, আজ দুপুরে সংবাদ সম্মেলন করে চলমান সার্বিক বিষয় নিয়ে কথা বলবেন রওশন এরশাদ।
নাম প্রকাশে অনিচ্ছুক রওশনপন্থী একজন নেতা প্রথম আলোকে বলেন, আজকের বৈঠক থেকে জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য এরশাদকে সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে।
জাপার আজকের সংসদীয় দলের বৈঠকের বিষয়ে জানতে চাইলে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার গত রাতে প্রথম আলোকে বলেন, ‘সম্মেলন নিয়ে ব্যস্ততার কারণে সংসদীয় দলের সভায় যেতে পারব কি না, জানি না। তবে আমরা ম্যাডামের (রওশন এরশাদ) নেতৃত্ব এবং নির্দেশনা মেনেই তো চলি, চলছি।’
এদিকে এরশাদপন্থী নেতারা আগামী ১৪ মে জাপার কেন্দ্রীয় সম্মেলন সফল করতে সক্রিয় রয়েছেন। এরশাদসহ তাঁর অনুসারী নেতারা চাইছেন সম্মেলনের মধ্য দিয়ে কো-চেয়ারম্যান ও মহাসচিব নিয়ে সৃষ্ট বিরোধ চাপা দিতে। এ লক্ষ্যে বিভিন্ন জেলায় দলের সম্মেলনে যোগ দিচ্ছেন এরশাদ। তিনি গতকাল শনিবার বনানীর কার্যালয়ে জাপার জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন। জি এম কাদেরের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন।