সম্মেলন ঘিরে দুই পক্ষ ঐক্যবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ৩০ এপ্রিল। আর এই সম্মেলনকে সামনে রেখে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছেন। গতকাল শনিবার দলটির বর্ধিত সভায় দুই অংশের নেতারা একসঙ্গে বসেন।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতাদের বৈঠক হয়। সেখানে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। এরপর কেন্দ্রের নির্দেশে দুই অংশের নেতারা একসঙ্গে সভায় বসেন। গতকাল সকালে শহরের শিববাড়ি এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই বর্ধিত সভা হয়। এতে সভাপতি মতিউর রহমান, সহসভাপতি জহিরুল হক ও সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার পাশাপাশি বসেন।
২০১৪ সালের নভেম্বরে জেলা আওয়ামী লীগের ১২টি শূন্য পদে পদায়নকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথম প্রত্যক্ষ বিরোধ দেখা দেয়। এই বিরোধে একাংশের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান। অপর অংশের নেতৃত্ব আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল হক ও সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার। এরপর থেকে জেলা আওয়ামী লীগের বিভিন্ন দলীয় কর্মসূচি ও জাতীয় দিবস পালনের অনুষ্ঠান পৃথকভাবে আয়োজন করা হচ্ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা প্রথম আলোকে জানান, সম্প্রতি জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের উপস্থিতিতে ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের সভায় ৩০ এপ্রিল জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়। কেন্দ্রীয় কমিটির নির্দেশে তা মেনে নেন সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার ও তাঁর অনুসারীরা। এরপর থেকেই সম্মেলনের প্রস্তুতি হিসেবে দুই অংশের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হতে শুরু করেন।
এ বিষয়ে জানতে চাইলে আবদুল মতিন সরকার প্রথম আলোকে বলেন, গত দেড় বছর জেলা আওয়ামী লীগে কিছু মতপার্থক্য ছিল। তবে আদর্শগত কোনো বিরোধ ছিল না। কেন্দ্রের নির্দেশে সম্মেলন সফল করতে বিভেদ ভুলে আবার ঐক্যবদ্ধ হয়েছে জেলা আওয়ামী লীগ।