সম্মেলন ছাড়া কমিটি ঘোষণা নিয়ে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলন ছাড়া নোয়াখালীর হাতিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কমিটি ও হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে গত বুধবার হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রলীগ ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করা হয় এবং সম্মেলনের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের দাবি জানানো হয়।
দলীয় সূত্র জানায়, ২৭ অক্টোবর নজরুল ইসলাম ওরফে রাজুকে হাতিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও এইচ এম মঞ্জুকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। কিন্তু এ কমিটি মেনে নিতে পারেননি উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মুহিনসহ তাঁর অনুসারীরা এবং কলেজ ছাত্রলীগের নেতারা। তাঁরা সম্মেলন ছাড়া জেলা ছাত্রলীগ ঘোষিত এই কমিটিকে অবৈধ দাবি করেন।
গতকাল সকালে উপজেলা সদরের ওছখালি এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মুহিন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাছান, ছাত্রলীগ নেতা রেজাউল হাছান, নূরুল আফসার প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, নতুন কমিটি গঠনের বিষয়ে উপজেলা কমিটির আহ্বায়ক কিংবা স্থানীয় ছাত্রলীগের নেতাদের সঙ্গে পরামর্শ করা হয়নি।
তবে জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াজিদ ওরফে ইমন প্রথম আলোকে বলেন, তিন বছর আগে হাতিয়া উপজেলা ছাত্রলীগের পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হয়। কিন্তু আহ্বায়ক কমিটির চার সদস্যই আহ্বায়কের বিরুদ্ধে অনাস্থা দেন। বারবার বলার পরও আহ্বায়ক কমিটি সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি করা হয়েছে।