সম্মেলন ছাড়াই কমিটি, একাংশের প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলন ছাড়াই ফরিদগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে ছাত্রদলের কমিটি গঠন করার অভিযোগ পাওয়া গেছে। ১৪ ডিসেম্বর চাঁদপুরের একটি স্থানীয় পত্রিকায় কমিটি গঠন-সংক্রান্ত সংবাদ প্রকাশ করে। পরে গত বৃহস্পতিবার ছাত্রদলের একাংশ সংবাদ সম্মেলন করে ওই কমিটি প্রত্যাখ্যান করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানসহ একাংশের নেতারা ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফজলুর রহমান। এতে বলা হয়, বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত সংবাদে উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ ছয়জন যুগ্ম আহ্বায়কের নাম ব্যবহার করে অনুমোদনের নামে যে কমিটি প্রকাশ করা হয়েছে তা ভিত্তিহীন।
আগের কমিটি বিলুপ্ত ঘোষণা না করে বা কোনো সম্মেলন না করে ১৪টি ইউনিয়নের কমিটির ঘোষণা উদ্দেশ্যমূলক। এভাবে সাংগঠনিক নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কমিটি ঘোষণার নামে তামাশা করা হয়েছে। বিষয়টি তাঁরা জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান, এম এ কাইয়ুম, উপজেলা যুবদলের আহ্বায়ক নাছির পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল পাটওয়ারী প্রমুখ এবং বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের শতাধিক নেতা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বলেন, ‘ফরিদগঞ্জের ১৪টি ইউনিয়ন কমিটি গঠনের বিষয় নিয়ে কিছু সমস্যা হয়েছে। সেটা আমরা উপজেলা ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে নিয়ে দুই-এক দিনের মধ্যে বসে সমাধান করব।’