সম্মেলন ছাড়াই ছাত্রলীগের কমিটি টাঙ্গাইলে হরতাল
সম্মেলন না করে ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা গত বুধবার জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেন। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলে আধা বেলা হরতাল পালন করেছে সংগঠনের ‘বিদ্রোহী পক্ষ’।
জেলা ছাত্রলীগ সূত্র জানায়, ২০১০ সালে জেলা ছাত্রলীগের সম্মেলনে নাজমুল হুদা ওরফে নবীনকে সভাপতি ও ইসতিয়াক আহমেদ ওরফে রাজীবকে সাধারণ সম্পাদক করা হয়। বুধবার সম্মেলন ছাড়াই কেন্দ্রীয় নেতারা ইসতিয়াককে সভাপতি ও শামীম আল মামুনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির ঘোষণা দেন। ওই দিন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগের কমিটি বাতিল করে এ কমিটি ঘোষণা হয়। এই কমিটির বিরুদ্ধে জেলা ছাত্রলীগের বিদ্রোহী পক্ষ গতকাল সকাল-সন্ধ্যা টাঙ্গাইল শহরে হরতালের ডাক দেয়।
গতকাল হরতালের সমর্থনে ছাত্রলীগের বিদ্রোহী পক্ষ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে কয়েকটি দোকানে ইটপাটকেল ছোড়া হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। জেলা আওয়ামী লীগের নেতাদের নির্দেশে দুপুর ১২টার দিকে হরতাল প্রত্যাহার করা হয়।