সম্মেলন ছাড়াই ঢাকায় কমিটি ঘোষণা, দুই নেতার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শরীয়তপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ গত ৩১ জুলাই ঢাকা থেকে ৫৭ সদস্যের নামের তালিকায় স্বাক্ষর করেন।

সম্মেলন ছাড়া কমিটি গঠন ও বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ওই কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি সাখাওয়াত হোসেন হাওলাদার ও দপ্তর সম্পাদক কে এম মাহবুব রাসেল পদত্যাগ করেছেন। গতকাল রোববার সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন এই দুই নেতা।

শরীয়তপুর জেলা পরিষদ সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম হাওলাদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মজলিশ খান, সাধারণ সম্পাদক সেলিম আকন, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর ও সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।

দলীয় সূত্র জানায়, ২০০৩ সালে স্বেচ্ছাসেবক লীগের শরীয়তপুর জেলা কমিটির দুই সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর দীর্ঘ ১৪ বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। গত ৩১ জুলাই কেন্দ্রীয় কমিটি থেকে ৫৭ সদস্যের একটি তালিকা প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ। কমিটি ঘোষণার পরপরই একটি পক্ষ এর বিরোধিতা করে।

গতকাল রোববার ওই কমিটি থেকে পদত্যাগ করেন জ্যেষ্ঠ সহসভাপতি সাখাওয়াত হোসেন হাওলাদার ও দপ্তর সম্পাদক কে এম মাহবুব রাসেল।

সাখাওয়াত হোসেন হাওলাদার বলেন, ‘আমি ছাত্রলীগের কার্যকরী সভাপতি ছিলাম। সব সময় মাঠের রাজনীতি করে মামলা-হামলার শিকার হয়েছি। সম্মেলন না করে ঢাকা থেকে একটি কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে যাঁদের স্থান হয়েছে তাঁদের অধিকাংশ বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগবিরোধী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁদের সঙ্গে রাজনীতি করা সম্ভব নয়। তাই প্রতিবাদস্বরূপ পদত্যাগ করেছি।’

কে এম মাহবুব রাসেল বলেন, ‘এভাবে সম্মেলন ছাড়া কমিটি গঠন প্রক্রিয়া মাঠপর্যায়ের নেতা-কর্মীদের হতাশ করেছে। একটি বিশেষ মহল বিতর্কিতদের কমিটিতে স্থান দিতে ঢাকা থেকে কমিটি করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই।’

স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার বলেন, দীর্ঘদিন যাবৎ শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা যাচ্ছিল না। এ কারণে কেন্দ্রীয় কমিটি সম্মেলন ছাড়া ঢাকা থেকে কমিটি ঘোষণা করেছে।