ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৭তম সম্মেলন আগামী বছরের জানুয়ারিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এতে ছয় হাজার প্রকৌশলী অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন। গতকাল রোববার দুপুরে আইইবি চট্টগ্রাম কেন্দ্র সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায়।
আইইবির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি সাদেক মোহাম্মদ চৌধুরী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কেন্দ্রের সম্পাদক প্রবীর কুমার সেন, সহসভাপতি এম এ রশীদ, উদয় শেখর দত্ত, সাবেক সভাপতি মোহাম্মদ হারুন, দেলোয়ার হোসেন মজুমদার, সাবেক সহসভাপতি এ এস এম নাসিরুদ্দিন প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, জানুয়ারির তৃতীয় সপ্তাহে সাত দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথি থাকবেন সংসদের বিরোধীদলীয় নেত্রী। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য থাকবে ‘ডিজিটাল টেকনোলজি ফর ডেভেলপমেন্ট’। সম্মেলন উপলক্ষে আয়োজিত জাতীয় সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘ইউটিলাইজেশন ফর ডিজিটাল টেকনোলজি ফর প্রো-পিপল ডেভেলপমেন্ট’।