সম্মেলন নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলা ছাত্রলীগের সম্মেলন নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন সংগঠনের নেতা-কর্মীরা। প্রস্তুতি না থাকায় সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সম্মেলন পিছিয়ে দিতে চান। তবে বর্তমান কমিটির একাংশের নেতা-কর্মীরা নির্ধারিত ২৯ মার্চ সম্মেলনের দাবি জানিয়েছে। এ জন্য তাঁরা শহরে মিছিল ও সমাবেশ করছেন।
আগামী ২৯ মার্চ যশোর জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করে ১৮ ফেব্রুয়ারি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠির ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।
জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, বর্তমান কমিটির এক নেতা ঢাকায় গিয়ে সম্মেলনের তারিখ পেছানোর জন্য কেন্দ্রীয় কমিটির কাছে তদবির করছেন। যাঁদের নতুন কমিটিতে আসার সুযোগ নেই, তাঁরা এর নেপথ্যে রয়েছেন। বিষয়টি জানতে পেরে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা ঘোষিত তারিখেই সম্মেলন সফল করার জন্য কয়েক দিন ধরে যশোর শহরে মিছিল-সমাবেশ করছেন। সর্বশেষ গত রোববার তাঁরা মিছিল করেন। এতে জেলা ছাত্রলীগের সহসভাপতি ফয়সল খান, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদার প্রমুখ অংশ নেন।
সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদার বলেন, ‘কেন্দ্রীয় নেতারা সম্মেলনের তারিখ ঘোষণা করেছেন। কিন্তু জেলা ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব এটি মেনে নিতে পারছে না। তারা ঢাকায় গিয়ে সম্মেলন বন্ধ করার জন্য তদবির শুরু করেছে। আমরা ঘোষিত তারিখে সম্মেলন সফল করার দাবিতে শহরে মিছিল সমাবেশ করছি। ছাত্রলীগের নেতৃত্বে গতি ফেরানোর জন্য ঘোষিত তারিখেই সম্মেলন করা হোক।’
জেলা ছাত্রলীগের সহসভাপতি নেয়ামত হোসেন বলেন, ‘মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে জেলা ছাত্রলীগ চালানো হচ্ছে। অজানা কারণে এত দিন সম্মেলন হয়নি। সম্মেলনের তারিখ ঘোষণা করায় আমরা খুব খুশি।’
এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘কমিটির অনেকে চাচ্ছেন না সম্মেলনটা হোক। কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই সম্মেলন হোক। তবে ২৯ মার্চ হচ্ছে না। এ বছরের মধ্যেই সম্মেলন করে দেবে। জেলা কমিটির অধীনে ছাত্রলীগের ২০টি ইউনিট রয়েছে। চারটি কমিটি গঠন এখনো বাকি রয়েছে। তা ছাড়া সম্মেলন করার জন্য জেলা কমিটি এই মুহূর্তে প্রস্তুত না।’
জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘আমি চাই সম্মেলন হোক। ছাত্রত্ব শেষ হওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নতুন কমিটিতে পদ পাওয়ার সুযোগ নেই।’
২০১০ সালের ১৪ মার্চ জেলা ছাত্রলীগের সম্মেলনে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে কমিটি গঠন বন্ধ হয়ে যায়। এরপর ২০১১ সালের জুলাইয়ে আরিফুল ইসলামকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি জেলা ছাত্রলীগের ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি অনুমোদনের প্রায় দেড় বছর পর ২০১২ সালের ৯ ডিসেম্বর পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়।