সম্মেলন নেই ২৩ বছর, কর্তৃত্ব সাংসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা কথা। কিন্তু ২৩ বছরে পিরোজপুর জেলা আওয়ামী লীগের কোনো সম্মেলন হয়নি।
সম্মেলন ছাড়াই সর্বশেষ ১৩ বছর আগে কেন্দ্র থেকে চার সদস্যের একটি অপূর্ণাঙ্গ কমিটি করে দেওয়া হয়। দুই বছর পর সে কমিটির সভাপতি মারা যান। এরপর থেকে তিন সদস্যের কমিটি দিয়ে চলছে এ জেলার আওয়ামী লীগের রাজনীতি।
এ ছাড়া দীর্ঘদিন ধরেই এখানকার আওয়ামী লীগের রাজনীতিতে দুটি ধারা রয়েছে। একটি ধারার নেতৃত্বে আছেন জেলা সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ এ কে এম এ আউয়াল। অপর ধারার নেতৃত্বে আছেন জেলা কমিটির সদস্য জসিম উদ্দিন খান ও পৌর কমিটির সাবেক আহ্বায়ক মোস্তফা শিকদার। তবে দ্বিতীয় ধারাটি খুব একটা সুবিধা করতে পারছে না। এখানকার আওয়ামী লীগে অনেকটা একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন সাংসদ আউয়াল।
আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে একটিতে (পিরোজপুর-১) কেবল ক্ষমতাসীন দলের সাংসদ রয়েছেন। তিনি হলেন এ কে এম এ আউয়াল। বাকি দুটির একটিতে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং অপরটিতে স্বতন্ত্র প্রার্থী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন মো. রুস্তম আলী ফরাজী। ফলে সদর আসনের সাংসদ আউয়ালকে কেন্দ্র করেই এখানে আওয়ামী লীগের রাজনীতি চলছে। এর মধ্যে নেছারাবাদ উপজেলা ছাড়া বাকি ছয়টি উপজেলায় সম্মেলনের মাধ্যমে ইতিমধ্যে আওয়ামী লীগের কমিটি করা হয়েছে। এসব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন আউয়ালের অনুসারীরা। ফলে আউয়ালের বিপরীতে দলের অপর ধারাটি কোণঠাসা হয়ে পড়েছেন।
সাংসদ আউয়াল বিদেশে থাকায় এবং দলের ভারপ্রাপ্ত সভাপতি আকরাম হোসেন খান ঢাকার একটি হাসপাতালে ভর্তি থাকায় এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া যায়নি। তবে সাংসদের অনুসারী হিসেবে পরিচিত পিরোজপুর পৌর যুবলীগের আহ্বায়ক কে এম মোস্তাফিজুর রহমান বলেন, সাংসদ আউয়াল দুঃসময়ে দলের হাল ধরেছেন। নেতা-কর্মীদের মূল্যায়ন করেন। এ কারণে দলের অধিকাংশ নেতা-কর্মী তাঁর অনুসারী। তাঁর দাবি, সাংসদের বিপরীত ধারায় যাঁরা আছেন, তাঁদের দলীয় কর্মকাণ্ডে দেখা যায় না। তাঁদের সঙ্গে কোনো নেতা-কর্মী নেই।
জেলা আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন খান প্রথম আলোকে বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আউয়াল নিজে সাংসদ হয়েছেন। তাঁর মেজো ভাই হাবিবুর রহমানকে পিরোজপুর পৌরসভার মেয়র, সেজো ভাই মজিবুর রহমানকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ছোট ভাই মশিউর রহমানকে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বানিয়েছেন। সাংসদের স্ত্রী লায়লা ইরাদ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলো সাংসদ আউয়ালের পরিবারের নিয়ন্ত্রণে। তাঁর সঙ্গে ভিন্নমত পোষণকারীদের দলীয় কর্মকাণ্ডে ডাকা হয় না। এ কারণে অনেক নেতা-কর্মী দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়েছেন বলে জসিম উদ্দিন খান অভিযোগ করেন।
এ বিষয়ে সাংসদ আউয়ালের ছোট ভাই যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মশিউর রহমান বলেন, ‘আমার তিন ভাই নির্বাচন করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাঁরা প্রত্যেকে জনপ্রিয়। আমাদের পরিবারের সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বলেই পিরোজপুরে শান্তিশৃঙ্খলা বিরাজ করছে। গত সাড়ে ছয় বছরে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড বা বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।’
দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে ক্ষিতীশ চন্দ্র মণ্ডল সভাপতি এবং এ কে এম এ আউয়াল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৭ সালে ওই কমিটি ভেঙে দিয়ে চণ্ডীচরণ পালকে আহ্বায়ক করে কমিটি করে দেয় কেন্দ্রীয় কমিটি। ২০০১ সালে চণ্ডীচরণ পাল পদত্যাগ করেন। এরপর ২০০২ সালে কেন্দ্রীয় কমিটি শুধাংশু শেখর হালদার সভাপতি, আকরাম হোসেন খান ও আবদুল হাকিম হাওলাদারকে সহসভাপতি এবং এ কে এম এ আউয়াল সাধারণ সম্পাদক করে একটি কমিটি করে দেয়। ওই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাকি শূন্য পদে নেতা নির্বাচনের। কিন্তু আজ পর্যন্ত সেটা আর করা হয়নি। এর মধ্যে ২০০৪ সালে শুধাংশু শেখর হালদার মারা যান। এরপর থেকে জ্যেষ্ঠ সহসভাপতি আকরাম হোসেন খান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে আকরাম হোসেন খান অসুস্থ। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। আপাতত তাঁর হয়ে দায়িত্ব পালন করছেন আরেক সহসভাপতি আবদুল হাকিম হাওলাদার।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান (পান্না) প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ করে এমন অনেক নেতা-কর্মী আওয়ামী লীগের কমিটিতে স্থান না পেয়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। তাঁর মতে, নেতৃত্বের বিকাশ এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করতে হলে একনায়কতন্ত্র থেকে বেরিয়ে এসে জেলা আওয়ামী লীগের কমিটি নতুন নেতৃত্বের হাতে তুলে দিতে হবে।
জেলা কমিটির সহসভাপতি আবদুল হাকিম হাওলাদার প্রথম আলোকে বলেন, ইতিপূর্বে তাঁরা জেলা কমিটি বৈঠক করে ২০ এপ্রিল দলের সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ তারিখ কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে। কিন্তু কেন্দ্র থেকে কোনো জবাব না পাওয়ায় ২০ এপ্রিল সম্মেলন করেননি। এ ছাড়া ওই সম্মেলনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে প্রধান অতিথি করার সিদ্ধান্ত হয়েছে। তিনিও এখন পর্যন্ত সময় দিতে পারেননি। শিল্পমন্ত্রী সময় দিলে এবং কেন্দ্র থেকে অনুমতি পেলে শিগগিরই সম্মেলন করা হবে।