একাংশের বর্জনের মধ্য দিয়ে গতকাল সোমবার নওগাঁর মান্দা উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। তবে দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ডাকার কারণে ১৪৪ ধারা জারি করায় কোনো পক্ষই গতকাল পূর্বনির্ধারিত স্থানে সমাবেশ করতে পারেনি।
বিএনপির দলীয় নেতা-কর্মী সূত্রে জানা গেছে, উপজেলার দেলুয়াবাড়ি বাজারে একটি পক্ষের নেতা-কর্মীরা ত্রিবার্ষিক সম্মেলন করেন। সেখানে জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সামসুল আলম প্রামাণিককে সভাপতি এবং মোখলেছুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
তবে এই কমিটিকে অবৈধ ঘোষণা করে এর বিরুদ্ধে উপজেলার জলছত্র মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল বারীর সমর্থকেরা। সেখানে বক্তারা অবিলম্বে তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের পরিপ্রেক্ষিতে প্রকাশ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠনের দাবি জানান।
এ বিষয়ে ইকরামুল বারী প্রথম আলোকে বলেন, এটি একটি পকেট কমিটি। এই অবৈধ কমিটিকে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা বর্জন করেছেন। অবিলম্বে এই কমিটি বাতিল করে সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করতে হবে।
সামসুল আলম প্রামাণিক বলেন, জেলা বিএনপির আহ্বায়কসহ জেলার শীর্ষ নেতারা উপস্থিত থেকে ১০১ সদস্যের কমিটি ঘোষণা করে গেছেন। আহ্বায়ক নিজেই কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। যাঁরা এই কমিটি বর্জন করেছেন, তাঁরা বিএনপির কেউ নন। তাঁদের নেতা ইকরামুল বারীকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বহিষ্কার করেছেন।
জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন, দলের গঠনতন্ত্র মেনে যথাযথ নিয়মে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করা হয়েছে।
এর আগে গত রোববার একই স্থানে একই সময়ে উপজেলা বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করে। এতে সংঘর্ষের আশঙ্কায় সমাবেশস্থলে গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।