সম্মেলন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপির একাংশ আগামীকাল শনিবার সম্মেলনের ঘোষণা দিয়েছে। তবে অন্য পক্ষ সম্মেলন বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে।
বেলা একটায় নগরের প্রেসক্লাব ভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান। এ ছাড়া বিকেল চারটায় তাঁরা বাকেরগঞ্জ বন্দরে বিক্ষোভ করেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ‘উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আবুল হোসেন খান স্বেচ্ছাচারী এবং অগণতান্ত্রিকভাবে দল পরিচালনা করছেন। দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে একপেশে পকেট আহ্বায়ক কমিটি গঠন করেছেন। ওই কমিটির সদস্যদের নিয়ে উপজেলা সম্মেলন করতে চাচ্ছেন। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করছি।’
জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়দুল হক অভিযোগ করে বলেন, বাকেরগঞ্জ উপজেলা কমিটির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। অথচ জেলা কমিটিকে বিষয়টি জানানোই হয়নি।
তবে অভিযোগ অস্বীকার করে আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘যাঁরা সংবাদ সম্মেলন করেছেন, তাঁরা আমার বিরুদ্ধে নয়, দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাঁরা সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন। দলের ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি করা হয়েছে। জেলা কমিটি না জানলে আমার কিছু করার নেই।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান বলেন, জেলার সঙ্গে সমন্বয় করে উপজেলা সম্মেলন করার কথা। সাংগঠনিক যে নিয়মের মধ্যে উপজেলা সম্মেলন করার কথা, সেটা করা হয়নি। তবে বাকেরগঞ্জে আহ্বায়ক কমিটি গঠন করেছে কেন্দ্র।