সম্মেলন সামনে রেখে আজ বৈঠকে বসছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনে অতিথি হিসেবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে বিএনপি
১৯ মার্চ অনুষ্ঠেয় দলের ষষ্ঠ জাতীয় সম্মেলন সামনে রেখে আজ বৃহস্পতিবার বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি। দলের গঠনতন্ত্র সংশোধন-বিষয়ক উপকমিটির তৈরি করা সংশোধনীর খসড়া অনুমোদন করা হবে বৈঠকে।
বিএনপির সূত্র জানায়, আজ রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে।
দলের বিভিন্ন পর্যায়ের নেতারা গঠনতন্ত্র ও দলীয় বিভিন্ন বিষয়ে কিছু পরিবর্তন চেয়ে নিজেদের প্রস্তাব জমা দিয়েছেন। কমিটি এসব নিয়ে খসড়া সুপারিশমালা বিএনপির চেয়ারপারসনকে দিয়েছে। আজ স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশমালা নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর তা দলের গঠনতন্ত্রে যুক্ত করার লক্ষ্যে জাতীয় সম্মেলনে উত্থাপন করা হবে।
আ.লীগ সভানেত্রীকে আমন্ত্রণ: সম্মেলনে অতিথি হিসেবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে বিএনপি। বিএনপির চার সদস্যের প্রতিনিধিদল গতকাল বুধবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে এ আমন্ত্রণপত্র পৌঁছে দেয়।
বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঞা, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীন এবং যুবদলের সহসভাপতি সেলিমুজ্জামান।
আওয়ামী লীগের কার্যালয় থেকে বেরিয়ে এসে আবুল খায়ের ভূঞা সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি, বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতি সমুন্নত রাখার স্বার্থে, আমাদের কাউন্সিলে ওনারা নিজেরা যাবেন বা প্রতিনিধি পাঠিয়ে শুভেচ্ছা-অভিনন্দন জানাবেন।’
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ দলের দুই শীর্ষ নেতাকে সম্মেলনে আমন্ত্রণ জানানোয় বিএনপিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমাদের কোনো প্রতিনিধি বিএনপির কাউন্সিলে যাবেন কি না, তা দলীয় বৈঠকে ঠিক করা হবে।’