সম্মেলন হওয়া জেলায় কমিটি পূর্ণাঙ্গ করার তাগিদ আশরাফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব জেলায় সম্মেলন সম্পন্ন করার পরও পূর্ণাঙ্গ কমিটি হয়নি, তাদের দ্রুত কমিটি করার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
গতকাল শনিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক সভায় সৈয়দ আশরাফ এ নির্দেশ দেন।
বৈঠক শেষে কোনো সংবাদ ব্রিফিং করা হয়নি। বৈঠকে উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে, যেসব জেলা কমিটি নিয়ে বিরোধ রয়েছে, সেগুলোও দ্রুত নিষ্পত্তি করে দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠক-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর ছাড়া বাকি ছয়জন সাংগঠনিক সম্পাদক তাঁদের সাংগঠনিক বিষয়াদি বৈঠকে তুলে ধরেন। উপস্থিত একজন নেতা জানতে চেয়েছিলেন পৌরসভা নির্বাচনে কীভাবে দলীয় প্রার্থী ঠিক করা হবে। জবাবে সৈয়দ আশরাফ বলেন, এ-সংক্রান্ত আইন হাতে পেলে বৈঠক করে আলোচনার মাধ্যমে তা ঠিক করা হবে।
সৈয়দ আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সদস্য আমিনুল ইসলাম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।