নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়েছিল প্রায় এক যুগ আগে। দলের সহসভাপতি ইসলাম উদ্দিন খান, জিন্নাতুল ইসলাম, শহিদ উদ্দিনসহ জ্যেষ্ঠ ১৩ জন নেতা বিভিন্ন সময়ে মারা গেছেন। সভাপতি দল থেকে অব্যাহতি পেয়েছেন। এই অবস্থায় সম্মেলন করে কমিটি গঠন না করায় পদপ্রত্যাশী নেতা-কর্মীদের মধ্যে একধরনের হতাশা তৈরি হয়েছে।
দলীয় সূত্র জানায়, ২০০৪ সালের ২৭ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। এতে কাউন্সিলরদের সরাসরি ভোটে মুক্তিযোদ্ধা শামছুজ্জোহাকে সভাপতি ও মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান ওরফে খসরুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামছুজ্জোহাকে ২০০৯ সালে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্র। জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খান এখন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
শুধু জেলায় নয়, জেলার ১০টি উপজেলার মধ্যে সাতটি উপজেলা কমিটিও এক যুগ পুরোনো। সম্প্রতি আটপাড়া, কলমাকান্দা ও মদন উপজেলায় সম্মেলন হয়েছে। একই অবস্থা পৌর কমিটিরও। এই কমিটির সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৬ সালের অক্টোবর মাসে। ১৯ বছর পার করলেও কবে এই কমিটির সম্মেলন হবে, তারও আভাস মিলছে না বলে জানান নেতা-কর্মীরা।
দলীয় সূত্র জানিয়েছে, সব উপজেলার ইউনিয়ন কমিটিগুলো গঠন করা হয়েছে। শিগগিরই সব উপজেলার সম্মেলন করা হবে। এর মধ্যে খালিয়াজুরির তারিখ নির্ধারণ হয়েছে। কেন্দুয়া ও দুর্গাপুর উপজেলার সম্মেলন প্রস্তুতি শেষ হয়েছে। প্রক্রিয়াধীন আছে পূর্বধলা, মোহনগঞ্জ, বারহাট্টা ও সদর উপজেলার সম্মেলন। এরপর জেলা সম্মেলনের তারিখ ঠিক করা হবে।
দলের অন্তত ২০ জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, সম্মেলন না হওয়ায় দলের নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে আছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। দলে কারও কারও আছে একচ্ছত্র আধিপত্য। ক্ষমতার অপব্যবহার নিয়েও অস্বস্তি আছে। এসব কারণে কোণঠাসা বা নিষ্ক্রিয় আছে অনেক ত্যাগী নেতা-কর্মী। এঁরা বলেন, যে কারণে দলীয় কার্যালয়টি প্রতিদিন খোলা থাকলেও পদ-পদবিধারী নেতা-কর্মীদের উপস্থিতি তেমন দেখা যায় না। এমনকি গত ১৫ আগস্টের কর্মসূচিতে অনেক পদবিধারী নেতাকে দেখা যায়নি।
নেতা-কর্মীরা বলেন, ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক মাঝেমধ্যে কার্যালয়ে গেলে তখন নেতা-কর্মীরা কার্যালয়মুখী হন। তবে স্থানীয় সাংসদ উপমন্ত্রী আরিফ খান জয় এলাকায় এলে এবং দলীয় কার্যালয়ে গেলে কার্যালয় সরগরম হয়ে ওঠে।
নেতা-কর্মীরা বলেন, ইদানীং সম্মেলন হবে এমন আশা নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে নেতা-কর্মীদের সঙ্গে পদপ্রার্থীদের যোগাযোগ বেড়েছে। এঁদের মধ্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খান, সাবেক সাংসদ ও বর্তমান সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু ও উপমন্ত্রী আরিফ খান জয়ের বড় ভাই যুগ্ম সাধারণ সম্পাদক নুর খান ওরফে মিঠু সভাপতি পদে প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলার সাংগঠনিক সম্পাদক ও বর্তমান পৌর মেয়র প্রশান্ত কুমার রায়, আরেক সাংগঠনিক সম্পাদক ভজন সরকার, সদর উপজেলার সাধারণ সম্পাদক উপমন্ত্রীর মামা জি এম খান পাঠান ওরফে বিমল এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক শামছুর রহমান ওরফে ভিপি লিটন সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন বলে নেতা-কর্মীদের মধ্যে আলোচনা আছে।
পৌর মেয়র প্রশান্ত কুমার রায় বলেন, দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়ায় দলের কার্যক্রম চলছে এখন কচ্ছপ গতিতে। জেলা সম্মেলনই এখন উত্তরণের একমাত্র পথ বলে মনে হচ্ছে।
দলের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু বলেন, সম্মেলনের কার্যক্রম চলছে। উপজেলাগুলো শেষ হলেই জেলার সম্মেলন হবে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান বলেন, আওয়ামী লীগের মতো বড় দলে মান-অভিমান থাকতেই পারে। কিন্তু নেত্রকোনা জেলা আওয়ামী লীগে কোনো কোন্দল বা গ্রুপিং নেই।