দীর্ঘ ১৯ বছর যুবলীগের সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা শাখার সম্মেলন হচ্ছে না। আর ১৪ বছর ধরে একের পর এক আহ্বায়ক কমিটি দিয়েই সাংগঠনিক কার্যক্রম চলছে। যথাসময়ে সম্মেলন না হওয়ায় দলের ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। পাশাপাশি সাংগঠনিক কাজকর্মে দেখা দিয়েছে স্থবিরতা।
দলীয় নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটির নেতারা ক্ষমতা ধরে রাখার জন্য পদ আঁকড়ে থাকায় এখানে সম্মেলন হচ্ছে না। পদ আঁকড়ে থাকার অভিযোগ অস্বীকার করেছেন যুবলীগের ধরমপাশা উপজেলা শাখার বর্তমান আহ্বায়ক জুবায়ের পাশা।
এ বিষয়ে যুবলীগের সুনামগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য অমল কান্তি চৌধুরী বলেন, দীর্ঘ ১৪ বছর ধরমপাশা উপজেলায় সম্মেলন না হওয়ায় সাংগঠনিকভাবে দল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংগঠনটির উপজেলা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালের ১৩ জুন সর্বশেষ দ্বিবার্ষিক সম্মেলন হয়। এতে এস এ বিলকিসকে সভাপতি ও গোলাম ফারুককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এই কমিটি ২০০১ সালের জুনের মাঝামাঝি পর্যন্ত কাজ করে। পরবর্তী সময়ে চারবার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটিগুলো মাত্র তিন মাসের জন্য দায়িত্ব নিয়ে বছরের পর বছর সময় পার করেছে। নিয়মানুযায়ী ১৯৯৬ সালেই সম্মেলন করে নতুন কমিটি গঠন করার কথা ছিল।
যুবলীগের পাইকুরাটি ইউনিয়ন শাখার সাবেক সহসভাপতি পহেল তালুকদার এবং নাম প্রকাশ না করার শর্তে দলের উপজেলা শাখার অন্তত ১০ জন জ্যেষ্ঠ নেতার অভিযোগ, যাঁরাই আহ্বায়ক কমিটির পদে এসেছেন তাঁরাই বছরের পর বছর পদ আঁকড়ে রেখেছেন। সম্মেলন না হওয়ায় ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি। ফলে সাংগঠনিক কার্যক্রমে তেমন গতি নেই।
সূত্র আরও জানায়, ২০১২ সালের ২০ জুন জুবায়ের পাশাকে আহ্বায়ক ও সাতজনকে যুগ্ম আহ্বায়ক করে ৩৭ সদস্যবিশিষ্ট সর্বশেষ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটি তিন বছর সময় নিয়ে উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে এবং চারটি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করে। কিন্তু তারা ধরমপাশা সদর ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের কমিটি গঠন করতে পারেনি। এ অবস্থায় সংগঠনটিতে স্থবিরতা দেখা দিয়েছে।
আহ্বায়ক জুবায়ের পাশা বলেন, ‘যথাসময়ে সম্মেলন করতে না পারায় দল কিছুটা স্থবির হয়ে পড়েছে। সম্মেলন হলে অবশ্যই সংগঠন চাঙা ও গতিশীল হয়ে উঠবে। ধরমপাশা সদর ও সুখাইড় রাজাপুর উত্তর এই দুটি ইউনিয়ন যুবলীগের সম্মেলন করে শিগগিরই ছয়টি ইউনিয়নের কাউন্সিলরদের তালিকা জেলা কমিটির কাছে পাঠানো হবে।’
যুবলীগের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক এম এনামুল কবীর গতকাল মঙ্গলবার বলেন, ধরমপাশা উপজেলার ছয়টি ইউনিয়নের কাউন্সিলরদের তালিকা হাতে পেলে জেলা কমিটির সভায় দ্রুত আলোচনা করে এ উপজেলার সম্মেলনের তারিখ ঘোষণার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।