সম্মেলন হলেও কমিটি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর ছাত্রদলের সম্মেলন গত রোববার বিকেলে উপজেলা সদরের ধানগড়া মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। তবে কমিটি গঠন করা হয়নি।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সাংসদ আবদুল মান্নান তালুকদার। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি ওবায়দুল্লাহ খান। এতে বক্তৃতা করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান তালুকদার, সাবেক সভাপতি নূর সাঈদ সরকার, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি ও রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোম বাদশাহ সরকার প্রমুখ।

সম্মেলনে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় কমিটি গঠন করা সম্ভব হয়নি বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে। তবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূর সাঈদ সরকারসহ পৌর ও উপজেলা বিএনপির নেতাদের আগামী সাত দিনের মধ্যে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

২০০৫ সালে রায়গঞ্জ পৌরসভা যাত্রা শুরু করার পর কয়েকবার উদ্যোগ নিয়েও পৌর ছাত্রদলের কমিটি গঠন করা সম্ভব হয়নি।