টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হলেও দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় ১৮ দিনেও নতুন কোনো কমিটি ঘোষণা করা হয়নি। এদিকে ১৪ বছর ধরে থাকা বর্তমান কমিটির বিরুদ্ধে কাউন্সিলরদের তালিকা পরিবর্তন করে পছন্দের লোকজনকে ভোটার (কাউন্সিলর) বানিয়ে জেলায় পাঠানোর অভিযোগ উঠেছে।
স্থানীয় আওয়ামী লীগ জানায়, গত ২২ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। বিকেলে দ্বিতীয় অধিবেশনে জেলার নেতারা আগের কমিটি বহাল রাখার প্রস্তাব করলে সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান শরীফের লোকজন ওই প্রস্তাবের প্রতিবাদে মিছিল করেন। ওই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শওকত সিকদারের পক্ষের লোকজনও পাল্টা মিছিল করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় কেন্দ্রীয় ও জেলার নেতারা কমিটি ঘোষণা না করেই চলে যান। ১৮ দিন পার হলেও নতুন কোনো কমিটি ঘোষণা করা হয়নি।
সুলতান শরীফ অভিযোগ করেন, সম্মেলনের আগের তালিকার কাউন্সিলরদের অনেকের নাম বাদ দিয়ে সম্মেলনের পরে বর্তমান কমিটি জেলা কমিটির কাছে নতুন তালিকা পাঠিয়েছে। গত ১ জানুয়ারি স্থানীয় ডাকবাংলোতে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দুই-তৃতীয়াংশের মতামত না নিয়েই পছন্দের ২০৪ জনের কাউন্সিলরের ওই তালিকা জেলা কমিটিতে পাঠানো হয়।
দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ মিয়া তালিকা বদলানোর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘২২ ডিসেম্বরের আগে যাঁদের নাম কাউন্সিলর হিসেবে জমা দিয়েছিলাম, তা উপজেলা আওয়ামী লীগের চাপে বদলিয়ে ১ জানুয়ারি নতুন তালিকা জমা দেওয়া হয়েছে।’ অভিযোগ অস্বীকার করে শওকত সিকদার জানান, ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত তালিকাটি সভায় সর্বসম্মতভাবে পাস করে টাঙ্গাইল পাঠানো হয়েছে।
স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান জানান, যাঁরা গত উপনির্বাচনে আওয়ামী লীগের বিপক্ষে কাজ করেছেন, তাঁদের নিয়ে নতুন কমিটি করার ষড়যন্ত্র চলছে। তিনি ত্যাগী ও নিবেদিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের জন্য আহ্বান জানান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান জানান, শিগগিরই কাউন্সিলরদের ডেকে আলোচনা সাপেক্ষে বা ভোটে নতুন গ্রহণযোগ্য কমিটি ঘোষণা করা হবে।