সম্মেলন হলেও কমিটি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ জেলা জাতীয় কৃষক পার্টির দ্বিবার্ষিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। তবে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় সংগঠনটির কমিটি ঘোষণা করা হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের বিজয় মেলার মাঠসংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিফলক প্রাঙ্গণে সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবদুল মান্নান। এরপর জেলা কৃষক পার্টির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় সভাপতি সাহিদুর রহমান, যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন চাকলাদার, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ান আক্তার হোসেন, জাপার জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান সাইদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাহিদুর রহমান বলেন, পিল্লবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলেই কৃষকদের যাবতীয় কল্যাণমূলক কাজ হয়েছে। কৃষকদের কল্যাণে জাতীয় পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার বিকল্প নেই।

পরে বেলা দুইটার দিকে কমিটি ঘোষণার লক্ষ্যে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে জেলা শহরের দলের প্রধান কার্যালয়ে সভার আয়োজন করা হয়। এ সময় জেলা জাতীয় কৃষক পার্টির কমিটি ঘোষণা নিয়ে দুই সভাপতি প্রার্থী মিজানুর রহমান ও দেলোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ কারণে কমিটি ঘোষণা না করেই কেন্দ্রীয় নেতারা ঢাকায় চলে যান।

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সাইদ প্রথম আলোকে বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে কৌশলগত কারণে কমিটি ঘোষণা করা হয়নি। তবে দুই-তিন দিনের মধ্যেই একটি গ্রহণযোগ্য কমিটি উপহার দেওয়া হবে।