সম্মেলন হলো কমিটি হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ১৮ বছর পর গতকাল স্থানীয় সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশ​রাফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা l ছবি: প্রথম আলো
দীর্ঘ ১৮ বছর পর গতকাল স্থানীয় সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশ​রাফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা l ছবি: প্রথম আলো

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত নেতারা তাঁদের বক্তব্যে সফল সম্মেলনের কথা বললেও কিছু জটিলতার অজুহাত দেখিয়ে কমিটি ঘোষণা করেননি। তবে জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সম্মেলনের একপর্যায়ে এক ঘণ্টার জন্য সভা ‘মুলতবি’ ঘোষণা করেন। এক ঘণ্টা পর তিনি আবারও মঞ্চে এসে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘মহানগর আওয়ামী লীগের কাউন্সিলর-সংক্রান্ত জটিলতার কারণে কমিটি ঘোষণা করা হচ্ছে না। একই সঙ্গে জেলা কমিটিও ঘোষণা করা হচ্ছে না। তবে আজ (গতকাল) থেকে বর্তমান জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা হলো। অচিরেই দুটি কমিটি ঘোষণা করা হবে।’
গতকাল দুপুর ১২টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সৈয়দ আশরাফুল ইসলাম। পরে কেন্দ্রীয় নেতারা যখন মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন, তখন জেলা ও মহানগর আওয়ামী লীগের পদপ্রত্যাশী নেতাদের পক্ষে স্লোগান দিতে দিতে খণ্ড খণ্ড মিছিল সম্মেলনস্থলে আসছিল।
দলীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের রাজনীতি দুই ভাগে বিভক্ত ছিল। ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এক পক্ষের নেতৃত্বে ছিলেন। অপর পক্ষের নেতৃত্বে ছিলেন সহসভাপতি জহিরুল হক ও সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার। সম্মেলন সফল করতে কেন্দ্রীয় নির্দেশে সেই বিরোধের ইতি টেনেছিল দুই পক্ষই। তবে কমিটিতে পদ পাওয়া নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বিরোধ ও উত্তেজনা বিরাজ করছিল।
দলীয় সূত্র জানায়, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের কমিটি নিয়েই দলীয় নেতা-কর্মীদের মধ্যে বেশি উত্তেজনা ছিল। ধর্মমন্ত্রীর ছেলে মোহিত উর রহমান ও ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হকের পক্ষের কর্মীরা সম্মেলনের শুরু থেকেই সম্মেলনস্থলে তাঁদের নামে স্লোগান দিতে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা বলেন, জেলা ও মহানগর কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ার কারণে প্রকাশ্যে কমিটি গঠন করা হয়নি।
বিলুপ্ত জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম বলেন, ‘কমিটি ঘোষণা না দেওয়া দলের কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত। তাঁরা যেটা ভালো বুঝেছেন, সেটাই করেছেন। এ নিয়ে কারও কোনো ক্ষোভ আছে বলে মনে হয় না।’
সম্মেলনে আরও বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ধর্মমন্ত্রী মতিউর রহমানসহ সাহারা খাতুন, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আহাম্মদ হোসেন, মো. আবদুর রাজ্জাক প্রমুখ।
স্লোগানে বিরক্ত নেতারা: এদিকে সম্মেলন চলাকালে স্থানীয় পদপ্রত্যাশী নেতাদের নামে দেওয়া স্লোগানে বিরক্তি প্রকাশ করেন কেন্দ্রীয় নেতারা। নেতাদের বক্তব্য চলাকালে সম্মেলনস্থলেই কর্মীরা স্লোগান দেন। স্লোগানের কারণে বক্তব্য থামিয়ে বিরক্তি প্রকাশ করেন জাহাঙ্গীর কবির নানক, আহাম্মদ হোসেন, মাহবুব উল আলম হানিফ ও ধর্মমন্ত্রী মতিউর রহমান।
আহাম্মদ হোসেন তাঁর বক্তব্যের মাঝখানে ব্যক্তিবিশেষের নামে স্লোগান থামাতে কর্মীদের অনুরোধ করেন। মাহবুব উল আলম হানিফ তাঁর বক্তব্যের সময় স্লোগানদাতাদের উদ্দেশে স্থানীয় এক নেতার নাম উল্লেখ বলেন, ‘তাঁকে আমরা চিনি, আপনাদের স্লোগান দিয়ে চেনাতে হবে না।’
হিটস্ট্রোকে আ.লীগ কর্মীর মৃত্যু: সম্মেলনে এসে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে গতকাল কালা মিয়া (৫৫) নামের আওয়ামী লীগের এক কর্মীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে।