সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রংপুরে। কিন্তু জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা হলো ঢাকা থেকে। এ নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছে মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে। তাঁদের আশঙ্কা, এর ফলে মাঠ পর্যায়ের কার্যক্রমের গতি কমে যাবে।
মেহেদী হাসানকে সভাপতি ও রাকিবুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১২১ সদস্যের কমিটির মধ্যে ১৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘোষণা দেওয়া হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বে নিয়োজিত) ফখরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর সোমবার রংপুর টাউন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাতে জেলার আট উপজেলা ও দুটি পৌরসভা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নেতাদের বক্তৃতা। এই পর্ব শেষ হওয়ার পর কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আর হয়নি। কমিটি গঠন নিয়ে কেন্দ্রীয় নেতারা রাতে বসেন আওয়ামী লীগ কার্যালয়ে। অনেক রাত পর্যন্ত বৈঠক হলেও শেষমেশ কমিটি গঠন সম্ভব হয়নি। পরে রাতেই ঢাকায় ফিরে যান কেন্দ্রীয় নেতারা।
নাম প্রকাশ না করার শর্তে কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের এক নেতা প্রথম আলোকে বলেন, ‘সম্মেলনের পর কাউন্সিল না করায় আমরা হতাশ। এর ফলে মাঠ পর্যায়ে কার্যক্রম চালাতে সমস্যা হবে। কর্মীদের প্রশ্নের মুখোমুখি হতে হবে।’
যোগাযোগ করা হলে সভাপতি বদিউজ্জামান সোহাগ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সম্মেলনের প্রথম অধিবেশনের পর সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন কমিটিতে কারা থাকবেন, তাঁদের সঙ্গে সাক্ষাৎকার পর্ব হয়েছে। অনেক রাত হওয়ায় কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। পরে ঢাকায় চলে এসে আংশিক কমিটি ঘোষণা করা হয়।’