সম্মেলন হয় না নয় বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর সম্মেলনের মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের কথা। কিন্তু গত নয় বছরেও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে জেলায় আওয়ামী লীগের রাজনীতি।
দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় এখানে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। জেলা সভাপতি মো. শাহ আলম প্রবীণ ব্যক্তি। তিনি জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বেও আছেন। এ অবস্থায় দল পরিচালনায় মূল ভূমিকা রাখছেন সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ। কিন্তু তিনি বেশির ভাগ সময় থাকেন ঢাকায়। আর সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন পৌরসভার মেয়র। তাঁর সঙ্গে সাধারণ সম্পাদকের দূরত্ব রয়েছে।
অবশ্য সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ বলেন, দলে কোনো বিভেদ নেই। তাঁকে জেলার উন্নয়নে কাজ করতে হয়, তাই মাঝে মাঝে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে ঢাকায় যেতে হয়। এ ছাড়া ঢাকায় তাঁর ব্যবসায়িক কাজও থাকে। তবে জেলার দলীয় সব কর্মসূচিতে তিনি উপস্থিত থাকেন।
জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে ২০০৬ সালের জুনে। তখন সরদার মো. শাহ আলমকে সভাপতি ও খান সাইফুল্লাহকে (পনির) সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি পূর্ণাঙ্গ রূপ পায় ২০০৯ সালে।
ওই কমিটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘২০০৬ সালে সম্মেলনে কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা দেওয়া হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি হলেও বাকিদের নাম প্রকাশ পায়নি। এমনকি আমি যে সাংগঠনিক সম্পাদক, এর কোনো প্রমাণ চাইলে তা দিতে পারব না।’ তিনি বলেন, দীর্ঘদিন ধরে কেন সম্মেলন হয় না, তা তিনি জানেন না।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, বিএনপি-জামায়াত জোটের আন্দোলন-নাশকতার কারণে সম্মেলন করা সম্ভব হয়নি। এখন সম্মেলনের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে ৩২টা ইউনিয়ন ও দুই পৌরসভার কমিটি গঠন করা হয়েছে।
আর, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম বলেন, চলতি সেপ্টেম্বরের মধ্যে জেলার সম্মেলন করার পরিকল্পনা রয়েছে। তবে এখনো তারিখ ঘোষণা করা হয়নি।