টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না ১১ বছর ধরে। দলীয় নেতা-কর্মীদের চাঙা রাখতে কর্মিসভা, বর্ধিত সভাসহ দলের তেমন কোনো সাংগঠনিক তৎপরতা নেই। ফলে দলের নেতা-কর্মীদের মধ্যে স্থবিরতা দেখা দিয়েছে।
এ ছাড়া চলতি বছরের জানুয়ারিতে জাতীয় সংসদের টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে একাধিক প্রার্থী অংশ নেওয়ায় আওয়ামী লীগ তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
দলীয় সূত্র জানায়, ১৯৯৯ সালে কাদের সিদ্দিকী আওয়ামী লীগ থেকে বেরিয়ে ‘কৃষক শ্রমিক জনতা লীগ’ নামে নতুন দল গঠন করলে ওই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বেশির ভাগ নেতা-কর্মী কৃষক শ্রমিক জনতা লীগে চলে যান। ওই সময় উপজেলা আওয়ামী লীগ অনেকটা নেতৃত্বশূন্য হয়ে পড়ে। ২০০০ সালে কুতুবউদ্দিনকে সভাপতি ও শওকত শিকদারকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য কমিটি গঠন করা হয়। ওই কমিটি ১৪ বছর ধরে বহাল রয়েছে।
সূত্র আরও জানায়, চলতি বছরের ২০ জানুয়ারি সাংসদ শওকত মোমেন শাহজাহান মারা যান। এরপর উপনির্বাচনে প্রয়াত সাংসদের ছেলে অনুপম শাহজাহান মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হন। ২৯ মার্চের ওই নির্বাচনে আওয়ামী লীগের সাঈদ আজাদ ও আবদুল মালেক বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেন। এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়েন। বর্তমানে সাংসদের পক্ষের নেতারা বাদে ওই দুই নেতার পক্ষের নেতা-কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিক-ই-রাসেল উপনির্বাচনকে ঘিরে দলে বিভক্তির কথা স্বীকার করে বলেন, ‘সম্মেলন ছাড়া দলীয় শৃঙ্খলা ধরে রাখা সম্ভব নয়।’
ছাত্রলীগের আরেক সাবেক সভাপতি জাহাঙ্গীর তারেক বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় নেতা-কর্মীরা স্থবির হয়ে পড়েছেন। কেউ কেউ মারা গেছেন, আবার কেউ রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এখন মাত্র আট থেকে ১০ জন নেতা ওই দলটি চালাচ্ছেন।’
উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, দলকে চাঙা করতে সম্মেলনের বিকল্প নেই।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুবউদ্দিন দাবি করেন, ‘আমি এখনো দলে সক্রিয় আছি। কমিটি ১৪ বছর পার করলেও দলটি এখনো সচল আছে। তার পরও আমি চাই শিগগিরই সম্মেলনের মাধ্যমে সুন্দর ও সক্রিয় একটি কমিটি বেরিয়ে আসুক।’
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বলেন, ‘১৪ বছর একটি কমিটি বহাল থাকলে সেই কমিটি নিষ্ক্রিয় হওয়াই স্বাভাবিক। জেলার সব উপজেলার সম্মেলনের ব্যাপারে কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী অক্টোবর মাসেই একটি সভা হওয়ার কথা ছিল। লতিফ সিদ্দিকীসহ টাঙ্গাইলের রাজনীতিতে সাময়িক সংকট দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে সভা করা যায়নি। তবে শিগগিরই কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে সখীপুরে সম্মেলন করে দলের গতি ফিরিয়ে আনা হবে।’