সম্মেলন হয় না ১৬ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ১৬ বছর ধরে হচ্ছে না। বর্তমানে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে দিয়ে দায়সারাভাবে চলছে দলের কার্যক্রম।
দলীয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে তিন বছরের জন্য আবুল হাসনাতকে সভাপতি ও আবদুল হাই ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। আবুল হাসনাত ২০০৪ সালে ও আবদুল হাই ভূঁইয়া ২০১৪ সালে মারা যান। এর মধ্যে কমিটির ১৪ জন মারা গেছেন। জীবিত সদস্যের মধ্যে অনেকেই বয়সের ভারে ও অসুস্থতার কারণে দলীয় কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত রয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ শূন্য হলে কমিটির সহসভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া ভারপ্রাপ্ত সভাপতি ও সহসাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন। ২০০৮ সালের সংসদ নির্বাচনে আবুল হাসনাতের ছেলে আবদুল্লাহ আল কায়সার দলীয় মনোনয়নে সাংসদ নির্বাচিত হন। তবে নির্বাচনের দুই বছর পর দলের আধিপত্য নিয়ে মাহফুজুর রহমানের সঙ্গে আবদুল্লাহ আল কায়সার ও শামসুল ইসলাম ভূঁইয়ার দ্বন্দ্ব শুরু হয়।
২০১০ সাল থেকে শামসুল ইসলাম ও মাহফুজুর রহমান এক পক্ষের এবং সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার ও তাঁর চাচা কমিটির সহসম্পাদক মোশারফ হোসেন অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। এ কারণে দলের নেতা-কর্মীরাও বিভক্ত হয়ে পড়েছেন।
দলের একাধিক ত্যাগী নেতা প্রথম আলোকে বলেন, সর্বশেষ ২০১৪ সালের সংসদ নির্বাচনে দলের দ্বন্দ্বের কারণে এ আসন জাতীয় পার্টিকে (জাপা) ছেড়ে দেয় আওয়ামী লীগ। দলের মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাপার লিয়াকত হোসেন (খোকা)।
দলের কয়েকজন কর্মী বলেন, বিভক্ত নেতারা দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার চেয়ে জাপার সাংসদের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন। অবশ্য সাম্প্রতিক ইউপি নির্বাচনের পর থেকে শামসুল ইসলাম ভূঁইয়া ছাড়া উপজেলা পর্যায়ের প্রথম সারির কোনো নেতাকে সাংসদের কার্যালয়ে দেখা যাচ্ছে না।
শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘জেলা কমিটি না থাকার কারণে উপজেলা কমিটি হচ্ছে না। উন্নয়নের স্বার্থে জাপার সাংসদের সঙ্গে আমরা সখ্য করে চলি।’ মাহফুজুর রহমান কালাম বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে আমি দলীয় কর্মসূচিসহ দলের যাবতীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বর্তমানে জাপার সাংসদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, পুরোনো কমিটি ভেঙে অবিলম্বে ত্যাগী নেতা-কর্মীদের নতুন কমিটিতে স্থান দেওয়া উচিত। দলের স্বার্থ নষ্ট হয়ে যাওয়ায় জাপার সাংসদের সঙ্গে আমার কর্মী-সমর্থকেরা নেই। দলের বাইরে কারও সঙ্গে আঁতাত করার প্রশ্নই ওঠে না।