চার বছর পর গত ৬ জুন রাজশাহী কলেজ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নেতা নির্বাচনের জন্য দ্বিতীয় অধিবেশন ডেকেও আর বসা হয়নি। কমিটি ঘোষণার জন্য নেতারা তিন দিন সময় চেয়েছিলেন।
প্রার্থীরা এখন বলছেন, ‘এই তিন দিন কবে শেষ হবে। কমিটি কবে হবে?’ এ নিয়ে তাঁদের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে।
রাজশাহী কলেজ ছাত্রলীগ সূত্র জানায়, এর আগে ২০১১ সালের ১৪ মে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই দিনই দ্বিতীয় অধিবেশনে ছাত্রলীগের দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ চার বছর পর ৬ জুন সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সম্মেলনের উদ্বোধন করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব।
এবার রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কলেজের আগের কমিটির সাধারণ সম্পাদক মাহাবুব আলম, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ সিয়াম, সাংগঠনিক সম্পাদক তুষার আহাম্মেদসহ নয়জন। সাধারণ সম্পাদক পদে রাজশাহী সরকারি সিটি কলেজের সাধারণ সম্পাদক নাইম ইসলাম, কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের কমিটির সাংগঠনিক সম্পাদক শান্তা ইসলাম ও এবারের এইচএসসি পরীক্ষার্থী জাফর ইসলামসহ ছয়জন।
প্রতিযোগী নেতারা জানান, সম্মেলন শেষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে দ্বিতীয় অধিবেশনের জন্য প্রতিযোগী প্রার্থীদের ডাকা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেন, রাত নয়টা বেজে গেলেও দ্বিতীয় অধিবেশনের কোনো কথাই মহানগর কার্যালয়ে আলোচিত হয়নি। রাত ১০টার দিকে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের জানিয়ে দেন, তিন দিন পর কমিটি ঘোষণা করা হবে। পরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারও একই কথা বলে তাদের বিদায় করে দেন। এরপর কমিটির আর কোনো খবর নেই।
নাম প্রকাশ না করার শর্তে অপর একজন প্রার্থী বলেন, প্রকৃতপক্ষে রাজশাহী কলেজে বিগত দিনে যাঁরা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, সংগঠনকে গতিশীল করেছেন, সংগঠনের জন্য শ্রম দিয়েছেন, তাঁদের বাদ দিয়ে পকেট কমিটি ঘোষণার জন্যই নেতারা এভাবে কালক্ষেপণ করছেন। এই কারণে তাঁদের ‘তিন দিন’ আর শেষ হচ্ছে না। তিনি বলেন, একজন নেতা সিটি কলেজের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। তিনি কেন আবার রাজশাহী কলেজের সাধারণ সম্পাদক হওয়ার জন্য প্রতিযোগিতা করছেন। আর রাজশাহী কলেজের রাজনীতি করতে চাইলে তিনি কেন সিটি কলেজের পদ দখল করে রয়েছেন।
রকি কুমার ঘোষ রাজশাহী কলেজের আগের কমিটির সভাপতি ছিলেন। এবার তিনি মহানগর ছাত্রলীগের সভাপতি হয়েছেন। তিনি বলেন, ঈদের পরেই রাজশাহী কলেজের নতুন কমিটি ঘোষণা করা হবে।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, তাঁরা একটা সমঝোতা করার চেষ্টা করছেন। সভাপতি পদে তিনজন খুব শক্তিশালী প্রার্থী রয়েছেন। তাঁরা সহজে সমঝোতায় আসতে চাচ্ছেন না। এ জন্যই দেরি হচ্ছে। ছাত্রনেতাদের সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, শুধু সভাপতি এবং সাধারণ সম্পাদক—দুটি নামই ঘোষণা করা হবে। নিচের দিকে আর হাত দেওয়া হবে না। তবে আশা করা হচ্ছে দ্রুতই সমঝোতা হয়ে যাবে।