সম্মেলন হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে পাঁচ মাস আগে। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দুজন সহসভাপতি নির্বাচন করা হয়েছে। নেতাদের মধ্যে মতবিরোধের কারণে এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। অবশ্য নেতারা বলেছেন, তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে সম্মেলনের ছয় বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল।
ঝিনাইদহ জেলা যুবলীগ চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। নয় মাস বয়সের এই কমিটির আহ্বায়ক আশফাক মাহমুদ জানিয়েছেন, সম্মেলন করতে না পারলেও সংগঠন গোছানো আছে। উপজেলাগুলোর সম্মেলন শেষে জেলা সম্মেলন করবেন। সম্প্রতি জেলা ছাত্রলীগের সম্মেলন হয়েছে।
আওয়ামী লীগ সরকারে থাকলেও ঝিনাইদহ জেলা শহরের সংসদীয় আসন থেকে গত নির্বাচনে সাংসদ নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী তাহাজিব আলম সিদ্দিকী ওরফে সমি সিদ্দিকী। তিনি একসময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা নূরে-আলম সিদ্দিকীর ছেলে।
বর্তমানে জেলা আওয়ামী লীগের মূল নেতৃত্বে রয়েছেন সদ্যনির্বাচিত সাধারণ সম্পাদক সাইদুল করিম ওরফে মিন্টু। তিনি ঝিনাইদহ পৌরসভার নির্বাচিত মেয়রও। সভাপতি আবদুল হাই ঝিনাইদহ-১ আসনের (শৈলকুপা) সাংসদ। তিনি জেলা শহরে থাকেন। তবে রাজনৈতিক কর্মকাণ্ড সংসদীয় এলাকা শৈলকুপাকে ঘিরেই বেশি।
জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্কাচ আলী বলেন, নানা জটিলতায় পুরো কমিটি করা সম্ভব হয়নি। দ্রুত সব উপজেলায় কমিটি গঠনে উদ্যোগ নেওয়া হবে।
হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটি দিয়ে চলছে ১৯ বছর ধরে। শৈলকুপাতেও ১৯ বছর পর সম্মেলন হয়েছে গত ১৯ মার্চ। সম্মেলনে মোশারফ হোসেন ওরফে সোনা সিকদার সভাপতি আর আরিফ রেজা ওরফে মন্নু চেয়ারম্যান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সেখানেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি।
শৈলকুপা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দ্দার বলেন, ‘দলকে একটি মহল তাদের ইচ্ছায় পরিচালিত করছে। আমরা আছি বিরোধী দলের ভূমিকায়। হয়রানির শিকারও হচ্ছি আমরা।’
ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি হয়েছে ১৯৯৭ সালে। এরপর আর কমিটি গঠন করা সম্ভব হয়নি। কালীগঞ্জ উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি নেই। ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদরের আংশিক) সাবেক সাংসদ আবদুল মান্নান সভাপতি এবং বর্তমান সাংসদ আনোয়ারুল আজিম ওরফে আনার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। কিন্তু এই দুই নেতার মধ্যে সম্পর্কও উষ্ণ নয়।