সম্মেলনে গেছেন বিকল্প ধারা, সিপিবি নেতারাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জাতীয় পার্টি (জাপা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সম্মেলনে গেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির সাবেক নেতা নাজমুল হুদা। তবে সম্মেলনে যায়নি রাজনৈতিক মাঠে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি।

সম্মেলনে যোগ দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদের অন্য অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া, বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নান, সিপিবির উপদেষ্টা মনজুরুল আহসান খান, সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
সম্মেলনে আরও যোগ দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ (বাবলু), সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ন্যাপ নেতা এনামুল হক, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি, মহাসচিব আবদুল আউয়াল, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।