সম্মেলনে বিভিন্ন দলের নেতা গেছেন, বিএনপি যায়নি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জাতীয় পার্টি (জাপা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সম্মেলনে গেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির সাবেক নেতা নাজমুল হুদা। তবে সম্মেলনে যায়নি রাজনৈতিক মাঠে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি।
সম্মেলনে যোগ দেন সিপিবির উপদেষ্টা মনজুরুল আহসান খান, সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম; বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা; জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার; জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ; জাসদের অপর অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া; জেএসডির সভাপতি আ স ম আবদুর রব; সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া ও বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান।
সম্মেলনে আরও যোগ দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ন্যাপ নেতা এনামুল হক, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, মহাসচিব আবদুল আউয়াল, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী আমীর-উল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, লেখক সৈয়দ আবুল মকসুদ, ঢাকার দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন প্রমুখ ।
বিএনপির না যাওয়ার কারণ
বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সম্মেলনে যাওয়ার ব্যাপারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্মতি দেননি। এ কারণে কেউ কেউ রাজনৈতিক উদারতা দেখাতে সম্মেলনে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখালেও শেষ পর্যন্ত তাঁরা পিছু হটেন।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে তাঁর কোনো আগ্রহ নেই। এ জন্য সম্মেলনে যাওয়া না-যাওয়ার ব্যাপারে তিনি জানারও দরকার মনে করেননি। স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।
তবে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন ভাইস চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘বিএনপির সম্মেলন অনুষ্ঠানে পদে পদে বাধার সৃষ্টি করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির নেতা-কর্মীদের ওপর অবর্ণনীয় অত্যাচার-নির্যাতনের পরও আমরা আওয়ামী লীগকে দাওয়াত দিয়েছিলাম। কই, তারা তো আসেনি।’
আমন্ত্রণপত্র পাওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছিলেন, দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এ সময় তিনি মন্তব্য করেন, একে অন্যের আমন্ত্রণ রক্ষা করার মধ্য দিয়ে ‘ইতিবাচক রাজনীতি’র ধারা শক্তিশালী হবে।
পরদিন শুক্রবার দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন এক অনুষ্ঠানে বলেন, ‘বিএনপির সম্মেলনে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও তারা আসেনি। কিন্তু বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। সেই প্রমাণ আওয়ামী লীগের সম্মেলনের দিন আবারও দেবে। আমরা যাব।’ গতকাল সৈয়দ মোয়াজ্জেম হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।