সম্মেলনে শক্তিশালী ও দক্ষ নেতৃত্ব নির্বাচিত হবে: সৈয়দ আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে আগামী দিনের জন্য আওয়ামী লীগে শক্তিশালী ও দক্ষ নেতৃত্ব নির্বাচিত হবে। গতকাল বুধবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলের সম্মেলনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, অতীতের মতো এবারও একটি উৎসবমুখর পরিবেশে সম্মেলন হবে। আওয়ামী লীগ যখন যে সিদ্ধান্ত নেয়, তা বাস্তবে পরিণত করে। দেশ পরিচালনায় আমাদের যে অঙ্গীকার, তা এই সম্মেলনের মধ্য দিয়ে বাস্তবায়ন হবে।’ সম্মেলনস্থলের বিষয়ে তিনি বলেন, ‘আমার জানা ছিল না যে এত বিশাল পরিবেশে এই আয়োজন হচ্ছে। আমার মনে হয়, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিরাট কর্মযজ্ঞ দেখলে সন্তুষ্ট হবেন।’
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।