ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখন সম্মেলনের অপেক্ষায় আছেন। জেলা কমিটির সর্বশেষ সম্মেলন হয়েছিল ১০ বছর আগে। তখনকার কমিটিই এখনো বহাল আছে। ৭১ সদস্যবিশিষ্ট কমিটির অন্তত নয়জন সদস্য ইতিমধ্যে মারা গেছেন। এঁদের মধ্যে আছেন সাধারণ সম্পাদক, চারজন সহসভাপতি, একজন সাংগঠনিক সম্পাদক ও তিনজন সদস্য।
জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন। তিনি এখন জেলা পরিষদের প্রশাসক। আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ মাসুদ হোসেন। কমিটির ছয়জন সদস্য স্থায়ীভাবে ঢাকায় অবস্থান করেন। তবে দলে এখন সে অর্থে কোনো বিরোধ নেই।
দলীয় সূত্রে জানা যায়, গত ৬ জুন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ফরিদপুরে এসেছিলেন। ওই দিন রাতে সার্কিট হাউসে এক অনির্ধারিত কর্মী সভায় তিনি সদরপুর উপজেলা এবং কোতোয়ালি ও শহর আওয়ামী লীগের সম্মেলনের ওপর তাগিদ দিয়েছেন। আর অক্টোবরের মধ্যে জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মত দেন তিনি।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহেব সরোয়ার প্রথম আলোকে বলেন, দলের সবাই চাইলে আগামী অক্টোবরের মধ্যে এ সম্মেলন আয়োজন করা সম্ভব।
সম্মেলনের সানাই সেভাবে না বাজলেও জেলা আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক পদের প্রত্যাশী হিসেবেই মাঝেমধ্যে কয়েকটি নাম আলোচিত হচ্ছে। তবে দলের অপেক্ষাকৃত প্রবীণ সদস্যদের ভাবনা অন্য রকম। তাঁদের বক্তব্য হচ্ছে, শেখ হাসিনা দলের হাল ধরার পর থেকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে হবেন তা তিনিই নির্ধারণ করে আসছেন। গত সম্মেলনেও তা-ই হয়েছিল। সেবার সভাপতি পদের প্রত্যাশী ছিলেন ইমামউদ্দিন আহমদ, বিপুল ঘোষ ও এস এস নূরুন্নবী। কিন্তু সভানেত্রী প্রবীণ শিক্ষাবিদ কাজী জায়নুল আবেদীনকে বেছে নিয়েছিলেন। কাজী জায়নুল আবেদীন সম্মেলনের দিনই দলীয় প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছিলেন। ফলে প্রবীণ নেতারা মনে করছেন, এবারও দলীয় সভানেত্রীই সিদ্ধান্ত নেবেন।
তবে নেতা-কর্মীরা জানান, ফরিদপুর আওয়ামী লীগের রাজনীতিতে তিন নেতার মতামত বেশ গুরুত্বপূর্ণ। তাঁরা হলেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি চাই জেলা আওয়ামী লীগের সম্মেলন হোক। দলে নতুন নেতৃত্ব আসুক। দলে প্রাণের স্পন্দন ঘটুক।’