সম্মেলনের আগে একাংশের 'পাল্টা' বর্ধিত সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দুপুরে দলের একাংশ বর্ধিত সভা করেছে। সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা হয়। এর আগে বুধবার একই স্থানে জেলা আওয়ামী লীগের ব্যানারে আরেকটি বর্ধিত সভা হয়।
দলীয় সূত্র জানায়, বুধবারের বর্ধিত সভায় দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে বক্তৃতা করতে আহ্বান করায় এবং সভায় সুনামগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ সৈয়দ রফিকুল হক উপস্থিত হওয়ার ঘটনায় সুনামগঞ্জ জেলার তিনজন সাংসদসহ জেলা কমিটির কয়েকজন নেতা সভা থেকে বেরিয়ে আসেন। বুধবার যাঁরা বেরিয়ে এসেছিলেন, তাঁদের উদ্যোগেই গতকাল পাল্টা বর্ধিত সভা হয়েছে।
দলীয় সূত্র আরও জানায়, দীর্ঘ ১৯ বছর পর ২৫ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। সম্মেলন সামনে রেখে দলে দুটি বলয় কাজ করছে। এর মধ্যে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট এক পক্ষে, অন্য পক্ষে আছেন সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ ও জেলা কমিটির সহসভাপতি মহিবুর রহমান, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ও ধরমপাশা উপজেলা কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ এবং জেলা কমিটির মহিলাবিষয়ক সম্পাদক শামসুন্নাহার বেগমসহ কয়েকজন নেতা। বিভিন্ন উপজেলা কমিটি গঠন নিয়ে এই দুই পক্ষের মধ্যে মতবিরোধ আছে। সাংসদদের পক্ষের নেতাদের অভিযোগ, জেলার ১৪টি সাংগঠনিক ইউনিটের অধিকাংশই গঠনতান্ত্রিকভাবে করা হয়নি।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আপ্তাব উদ্দিন আহমদের সভাপতিত্বে গতকালের বর্ধিত সভায় বক্তব্য দেন মহিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন, শামসুন্নাহার বেগম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু রায়, জেলা কমিটির প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন প্রমুখ। বৈঠকে জেলা সম্মেলন সফল করার বিষয়ে আলোচনা হয়।