সম্মেলনের প্রায় আড়াই মাস পর কক্সবাজারের মহেশখালী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নেতা-কর্মীরা।
গত ২২ মার্চ মহেশখালী উপজেলা ছাত্রলীগের সম্মেলন হয়। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১৪ জন প্রার্থী ছিলেন বলে নেতা-কর্মীরা জানান।
আহ্বায়ক ওয়াজেদ আলী মুরাদ মুঠোফোনে প্রথম আলোকে জানান, এক বছর এই কমিটি কাজ করবে। এই সময়ে সংগঠনকে আরও গতিশীল করা হবে। এক বছর পর কাউন্সিলরদের ভোটে নতুন কমিটি করা হবে।
তবে সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিয়ানুল ইসলাম জানান, আহ্বায়ক কমিটি ঘোষণা করায় মাঠপর্যায়ের নেতা-কর্মীরা ক্ষুব্ধ। তাঁর অভিযোগ, যাঁরা সংগঠনের জন্য কাজ করেছেন, তাঁরা আহ্বায়ক কমিটিতে স্থান পাননি।
জানতে চাইলে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান বলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কিন্তু সভাপতি ও সম্পাদক পদ নিয়ে কেউ কাউকে ছাড় না দেওয়ায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি।