সম্মেলনের ছয় মাস পর আহ্বায়ক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর পর গত বছরের ৬ জুন রাজশাহী কলেজ ছাত্রলীগের সম্মেলন হয়। সম্মেলনে কমিটি ঘোষণার জন্য তিন দিন সময় চেয়েছিলেন নেতারা। কিন্তু ছয় মাস পরে এসে পূর্ণাঙ্গ কমিটির পরিবর্তে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। এ নিয়ে পদপ্রত্যাশীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
কলেজ ছাত্রলীগের সূত্র জানায়, ২০১১ সালের ১৪ মে ছাত্রলীগের সম্মেলন হয়। ওই দিনই দ্বিতীয় অধিবেশনে ছাত্রলীগের দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়। চার বছর পর ২০১৫ সালের ৬ জুন সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
এবার রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আগের কমিটির সাধারণ সম্পাদক মাহাবুব আলম, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ সিয়াম, সাংগঠনিক সম্পাদক তুষার আহাম্মেদসহ নয়জন। আর সাধারণ সম্পাদক পদে আছেন রাজশাহী সরকারি সিটি কলেজের সাধারণ সম্পাদক নাইমুল হাসান, কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের কমিটির সাংগঠনিক সম্পাদক শান্তা ইসলাম, এবারের এইচএসসি পরীক্ষার্থী জাফর ইসলামসহ ছয়জন।
পদপ্রত্যাশী কয়েকজন নেতা জানান, সম্মেলন শেষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে দ্বিতীয় অধিবেশনের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ডাকা হয়। কিন্তু রাত নয়টা বেজে গেলেও দ্বিতীয় অধিবেশনের কোনো কথাই সেখানে আলোচিত হয়নি। রাত ১০টার দিকে মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়ে দেন যে তিন দিন পর কমিটি ঘোষণা করা হবে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারও একই কথা বলে তাঁদের বিদায় করে দেন। কিন্তু সেই থেকে কমিটির আর খবর নেই।
সংগঠন সূত্রে জানা গেছে, পদপ্রত্যাশী নেতারা সবাই শক্তিশালী প্রার্থী। তাঁদের মধ্যে সমঝোতা করতে না পারায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। এর পরিবর্তে গত ১৭ ডিসেম্বর নূর মোহাম্মদ সিয়ামকে আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক নাঈমুল হাসান ও জাফর ঈমাম, সদস্য ওয়ালিদ জাবানিয়া, রেশমা আক্তার ও সাবানা সুলতানা।
নূর মোহাম্মদ সিয়াম প্রথম আলোকে বলেন, ‘আহ্বায়ক কমিটি গঠনের পর আমাদের তিন থেকে ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন আমরা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নেতাদের সাংগঠনিক কার্যক্রমের ভিত্তিতেই পূর্ণাঙ্গ কমিটি করা হবে।’
সম্মেলনের ছয় মাস পর আহ্বায়ক কমিটি কেন, এ প্রশ্নে নূর মোহাম্মদ সিয়াম বলেন, ‘এটা নেতারাই ভালো বলতে পারবেন। সংগঠনের স্বার্থে তাঁরা যা করেছেন, আমরা সবাই তাতে সন্তুষ্ট।’
এ বিষয়ে ডাবলু সরকার বলেন, রাজশাহী কলেজে রাজনীতি করা স্থানীয় ছাত্রদের সঙ্গে নগরের বাইরে থেকে আসা ছাত্রদের একটা প্রতিযোগিতা আছে। এই প্রতিযোগিতা যেন ‘অসুস্থ’ প্রতিযোগিতা না হয় সে জন্য সবাই মিলে আলোচনা করে আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তাদের ছয় মাসের সময় দেওয়া হয়েছে। এর মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।