সম্মেলনের তিন মাস পর সম্পাদকের নাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার তিন মাস পর গত বুধবার রাতে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাতের নাম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
দীর্ঘ সাড়ে ১০ বছর পর গত ৭ জানুয়ারি এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় এ পদে কাউকেই নির্বাচিত ঘোষণা করা হয়নি। অবশেষে গত বুধবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আনোয়ার সাদাতকে এ পদে নির্বাচিত করা হয়।
খবরটি ছড়িয়ে পড়লে রাতেই পঞ্চগড় শহরের দলীয় কার্যালয় থেকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনোয়ার সাদাতের সমর্থনে আনন্দ মিছিল বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
দলীয় সূত্র জানায়, তিন মাসের বেশি সময় আগে অনুষ্ঠিত সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নুরুল ইসলামের নাম ঘোষণা করা হয়। কিন্তু সাধারণ সম্পাদক পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজাহারুল হক প্রধান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সমানসংখ্যক ভোট পান। সম্মেলনে উপস্থিত পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেনসহ অতিথিরা সাধারণ সম্পাদক হিসেবে কারও নাম ঘোষণা না করে এ বিষয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দেবেন বলে জানান।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত বলেন, নির্বাচিত হওয়ার বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা মুঠোফোনে তাঁকে জানান। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
খালিদ মাহমুদ চৌধুরী মুঠোফোনে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।