ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার তিন মাস পরও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, তিনি কমিটি গঠনের জন্য নানাভাবে চেষ্টা করছেন। কিন্তু সভাপতির দিক থেকে সাড়া পাচ্ছেন না।
১১ বছর পর গত ২২ মার্চ অম্বিকা ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ মাসুদ হোসেনের নাম ঘোষণা করা হয়।
প্রথম অধিবেশনের শেষ পর্যায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ ঘোষণা দেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘এঁরাই (নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক) কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।’ কিন্তু ৯০ দিন
পার হয়ে গেলেও জেলা আওয়ামী লীগের কমিটিতে নতুন একটি নামও যুক্ত হয়নি।
জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সাহেব সরোয়ার বলেন, কমিটি না হওয়ায় নেতা-কর্মীরা কাজের স্পৃহা হারিয়ে ফেলেছেন। সম্মেলন হওয়ায় নেতা-কর্মীরা তাঁদের কাজের পুরস্কার পাবেন বলে আশা করেছিল। কিন্তু সেই আশা হতাশায় পরিণত হয়েছে। এতে দলের কর্মকাণ্ডে স্থবিরতা নেমে এসেছে।
সৈয়দ মাসুদ হোসেন বলেন, ‘আমি সম্পাদক নির্বাচিত হওয়ার পরদিন থেকেই সভাপতির সঙ্গে বসে পূর্ণাঙ্গ কমিটি করার উদ্যোগ নিয়েছিলাম। এ ব্যাপারে সভাপতিকে লিখিতভাবেও অনুরোধ করেছি। কিন্তু তাঁর দিক থেকে কোনো সাড়া পাইনি। নির্বাচিত হওয়ার পর টুঙ্গিপাড়া যাওয়া, দলীয় প্রধানের সঙ্গে দেখা করার জন্যও সভাপতিকে আমি পাশে পাইনি।’
সুবল সাহা বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে কাজ চলছে। কয়েক থানার নেতাদের সঙ্গে পরামর্শ করে কমিটি করতে হবে। মাঝখানে পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। তাড়াতাড়িই কমিটি করে ফেলা হবে। তবে সাধারণ সম্পাদক লিখিতভাবে জানিয়েছিলেন কি না, তা তাঁর মনে পড়ছে না।
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ প্রথম আলোকে বলেন, ওই সম্মেলন আওয়ামী লীগের গঠনতন্ত্র মেনে হয়নি। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দ্বিতীয় অধিবেশনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী ব্যক্তিরা তাঁদের প্রার্থিতা ঘোষণা করবেন।
এরপর কাউন্সিলরদের ভোটে বা মতামতের ভিত্তিতে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হবেন। কিন্তু ফরিদপুরের সম্মেলনে তা হয়নি। প্রথম অধিবেশনেই সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দুটি নাম ঘোষণা দেওয়া হয়। নেতা-কর্মীরা জানতেও পারলেন না, ওই দুই ব্যক্তি এই দুটি পদের ব্যাপারে কখনো আগ্রহ প্রকাশ করেছিলেন কি না।
বিপুল ঘোষ আরও বলেন, সম্মেলনের কিছুদিন পরই খবর রটে যায় সভাপতি সুবল সাহা বাংলাদেশের পাশাপাশি ভারতীয় নাগরিক ও ভোটার। বিষয়টি যদি সত্য হয়, তা হলে ওই ব্যক্তি দেশ ও দলের সংকটজনক সময়ে কোনো ঝুঁকি নেবেন কি না—এ কথা ভেবে দলের নেতা-কর্মীদের মনে সংশয় দেখা দিয়েছে।
আর ভারতের দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে সুবল সাহা বলেন, ‘এ ব্যাপারে একটি পত্রিকায় খবর প্রকাশের পর আমি এর প্রতিবাদ জানিয়েছি। আমার বক্তব্য ওই পত্রিকায় ছাপা হয়েছে। তাই এ বিষয়ে আমার নতুন কিছুই বলার নেই।’