সম্মেলনের দাবিতে নেতা-কর্মীদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ মুহূর্তে সম্মেলন স্থগিত করা হয়। তাই সম্মেলন নয়, সম্মেলনের দাবিতে সমাবেশ করেই ফিরতে হলো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতা-কর্মীদের।

প্রায় ১৫ বছর পর গতকাল বৃহস্পতিবার ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ নেতাদের জানানো হয় সম্মেলন স্থগিতের কথা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জানান, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খানকে ঘাটাইলের সম্মেলন স্থগিতের নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ৪ ডিসেম্বর সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেবারও কেন্দ্র থেকে আগের দিন সম্মেলন স্থগিত করা হয়।

সম্মেলন স্থগিত হলেও বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা ঘাটাইল গণ পাইলট উচ্চবিদ্যালয়ে সমবেত হন। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের দাবিতে সমাবেশ করা হয়। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য শাহহানশাহ সিদ্দিকী, ধরাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেকমত সিকদার, লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান শরীফ হোসেন, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাহজাহান, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান হায়দার আলী প্রমুখ বক্তব্য দেন।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, সম্মেলন স্থগিতের খবরে নেতা-কর্মীরা হতাশ হয়েছেন। সম্মেলনের দাবি জানাতেই তাঁরা ঘাটাইলে চলে এসেছিলেন।